প্রকাশনা জালিয়াতি প্রমাণিত হওয়ায় শিক্ষক চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশনা জালিয়াতি ও শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক এস এম রফিকুল আলমকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৪৯২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্যের সভাকক্ষে তাঁর সভাপতিত্বে সিন্ডিকেটের এ সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পদোন্নতি পেতে সব ক্ষেত্রেই রফিকুল আলম জালিয়াতি করেছেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট সভায় তাঁকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিন্ডিকেট সভা সূত্র জানায়, এক বছর আগে অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করেন রফিকুল আলম। তিনি পদোন্নতি পেতে তাঁর পুরোনো গ্রন্থ ইমাম গাজ্জালী (রাঃ) ও তাঁর প্রাপ্তী : মা ফাতিহুল গাঈবকে নতুন রূপে নকল করেতাফসীরের ইতিহাস বলে চালিয়ে দেন। তিনি এই গ্রন্থের ৮ নম্বর পৃষ্ঠা থেকে ২০০ নম্বর পৃষ্ঠা পর্যন্ত হুবহু নকল করেন। পাশাপাশি তিনি অন্যান্য যোগ্যতা হিসেবে যে পাঁচটি গ্রন্থের কথা উল্লেখ করেন তাও জাল বলে ধরা পড়ে। এসব জানাজানি হয়ে গেলে ওই সময় আরবি বিভাগের প্ল্যানিং কমিটির সভায় তাঁর পদোন্নতির বিষয়টি বাতিল করা হয়। কিন্তু রফিকুল সভাপতি থাকায় নিজের পক্ষেই একটি সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি কমিটির কাছে পাঠান। পদোন্নতি কমিটির কাছে তা সন্দেহ হওয়ায় ওই সময় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন খান তৌহিদ ওসমানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদনে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে আরও একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই কমিটিতেও তাঁর জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। অবশেষে দুই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে রফিকুল আলমকে গতকাল বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হলো।
এ ছাড়া ২০০১ সালে নিজ বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন রফিকুল আলম। এই অভিযোগটিও প্রমাণিত হয়।