প্রকাশনা জালিয়াতি ও শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক এস এম রফিকুল আলমকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৪৯২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে উপাচার্যের সভাপতিত্বে সিন্ডিকেটের এ সভাটি অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘পদোন্নতি পেতে সব ক্ষেত্রেই রফিকুল আলম জালিয়াতি করেছেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট সভায় তাঁকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সিন্ডিকেট সভা সূত্র জানায়, এক বছর আগে অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করেন রফিকুল আলম। তিনি পদোন্নতি পেতে তাঁর পুরনো গ্রন্থ ইমাম গাজ্জালী (র.) ও তাঁর প্রাপ্তি: মা ফাতিহুল গাঈবকে নতুন করে নকল করে ‘তাফসিরের ইতিহাস’ বলে চালিয়ে দেন। তিনি এই গ্রন্থের আট পৃষ্ঠা থেকে ২০০ পৃষ্ঠা পর্যন্ত হুবহু নকল করেন। পাশাপাশি তিনি অন্যান্য যোগ্যতা হিসেবে যে পাঁচটি গ্রন্থের কথা উল্লেখ করেন, তা-ও জাল বলে ধরা পড়ে। এসব জানাজানি হয়ে গেলে ওই সময় আরবি বিভাগের প্ল্যানিং কমিটির সভায় তাঁর পদোন্নতির বিষয়টি বাতিল করা হয়। কিন্তু রফিকুল সভাপতি থাকায় নিজের পক্ষেই একটি সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি কমিটির কাছে পাঠান। পদোন্নতি কমিটির কাছে তা সন্দেহ হওয়ায় ওই সময় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন খান তৌহিদ ওসমানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে আরও একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই কমিটিতেও তাঁর জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। অবশেষে দুই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে রফিকুল আলমকে আজ বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হলো।
২০০১ সালে নিজ বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন রফিকুল। আজ সে বিষয়টিও প্রমাণিত হওয়ায় দুটি কারণে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।