প্রকাশনা নিয়ে দুদিনের আন্তর্জাতিক সেমিনার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ শুরু হয়েছে ‘মুক্ত বিশ্বে প্রকাশনা’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার। যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও জাতীয় গ্রন্থকেন্দ্র। 

এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন-আইপিএর সভাপতি রিচার্ড চার্কিন ও আইপিএর পরিচালক বেন স্টুয়ার্ড। স্বাগত বক্তব্য দেন গ্রন্থকেন্দ্রের পরিচালক আখতারুজ্জামান এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি। সঞ্চালনা করেন সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে রিচার্ড চার্কিন বলেন, ‘অমর একুশে গ্রন্থমেলায় আমি দেখেছি বাংলাদেশের মানুষ কতটা বইপ্রেমী। আমরা বিশ্বাস করি, সেরা বই দিয়ে বাংলাদেশর বিজ্ঞানী, লেখক, সাহিত্যিকেরা মানুষের চিন্তার খোরাক জোগাবেন। অন্যদিকে পুস্তকশিল্পের দায়িত্ব হবে এই কবি–সাহিত্যিকদের জন্য সে রকম পরিবেশ তৈরি করা, যাতে তাঁরা নির্বিঘ্নে লিখতে পারেন। পাইরেসি এই পথে অন্যতম বাধা।’
বেন স্টুয়ার্ড বলেন, ‘ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন বিশ্বের ৫০টির বেশি দেশে প্রকাশনা নিয়ে কাজ করছে। প্রকাশনা, পৃষ্ঠপোষকতা, কপিরাইট, চিন্তার প্রকাশ, ভাবের আদান-প্রদান, সৃজনশীলতা বিষয়েও গুরুত্ব পায়। কিন্তু বাংলাদেশের প্রকাশনার বিষয়ে কথা বলতে গেলে এখানে মুক্তচিন্তার লেখকদের চিন্তার ওপর আঘাত, তাদের হত্যার বিষয়ে অবশ্যই কথা বলতে হয়।’
উদ্বোধনী পর্ব শেষে সেমিনারের প্রথম সেশন অনুষ্ঠিত হয়। ‘প্রকাশনার ক্ষেত্রে স্বাধীনতা’ শিরোনামে এ সেশনের সভাপতিত্ব করেন প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। আলোচনায় অংশ নেন রিচার্ড চার্কিন, বেন স্টুয়ার্ড, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, কথাসাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কবি নূহ-উল-আলম লেনিন। স্বাগত বক্তব্য দেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক।
কাল শনিবার সেমিনারের শেষ দিন। এদিন তিনটি সেশন অনুষ্ঠিত হবে। সেশনগুলো হলো ‘দেশীয় প্রকাশনার আন্তর্জাতিকীকরণ’, ‘প্রকাশনায় নারী’ ও ‘প্রকাশনার ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা’।