প্রকাশনা বিষয়ে আন্তর্জাতিক সেমিনার কাল

প্রকাশনাশিল্প নিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দুই দিনের আন্তর্জাতিক সেমিনার। কাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় ‘মুক্ত বিশ্বে প্রকাশনা’ শিরোনামে দুদিনের আন্তর্জাতিক সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দেশের প্রকাশনা জগৎকে এগিয়ে নিতে সরকারের সহযোগিতায় যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও জাতীয় গ্রন্থকেন্দ্র।
দুই দিনের এ সেমিনারের উদ্বোধনী পর্বে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ, বিশেষ অতিথি থাকবেন আন্তর্জাতিক প্রকাশক সমিতির সভাপতি (আইপিএ) রিচার্ড চার্কিন, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, আন্তর্জাতিক প্রকাশক সমিতির কর্মকর্তা বেন স্টুয়ার্ড প্রমুখ।
দুদিনের এ আয়োজনে ‘প্রকাশনার ক্ষেত্রে স্বাধীনতা’, ‘দেশীয় প্রকাশনার আন্তর্জাতিকীকরণ’, ‘প্রকাশনায় নারী’ ও ‘প্রকাশনার ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা’ শীর্ষক চারটি পৃথক সেশনে দেশ বিদেশের স্বনামধন্য প্রকাশক, লেখক ও নীতিনির্ধারকেরা অংশ নেবেন। প্রকাশনাকে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বাধাহীন করার বিভিন্ন দিক দিয়ে আলোচনা শেষে একটি কার্যকর ও সময়োপযোগী রূপরেখা নিতে চাইছে দেশের প্রকাশনা প্রতিষ্ঠানগুলো।
দুদিনের এ সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, সম্মানিত অতিথি থাকবেন সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ, বিশেষ অতিথি থাকবেন আন্তর্জাতিক প্রকাশক সমিতির সভাপতি রিচার্ড চার্কিন, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, আন্তর্জাতিক প্রকাশক সমিতির পরিচালক (যোগাযোগ এবং প্রকাশের স্বাধীনতা) বেন স্টুয়ার্ড প্রমুখ।
আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠেয় এ সেমিনারের বিস্তারিত জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান, জ্ঞান সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি, সহসভাপতি মাজহারুল ইসলাম, নির্বাহী পরিচালক কামরুল হাসান প্রমুখ।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান। তিনি জানান, এ সেমিনারে প্রকাশনাকে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বাধাহীন করার বিভিন্ন দিক দিয়ে আলোচনা শেষে একটি কার্যকর ও সময়োপযোগী সুপারিশমালা প্রণীত হবে বলে আশা করা যাচ্ছে। তিনি জানান, এ সেমিনারে অংশ নেবেন আন্তর্জাতিক প্রকাশক সমিতির সভাপতি রিচার্ড চার্কিন, ভারতের মন্দিরা সেন ও ইমানুল হক, শ্রীলঙ্কার দীনেশ কুলাতাঙ্গা, নেপালের লিখাত পাণ্ডেসহ অন্যান্য প্রতিনিধি। ইতিমধ্যে তাঁদের অনেকে ঢাকা এসে পৌঁছেছেন। এ ছাড়া উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ চারটি পর্বে দেশের প্রখ্যাত লেখক, সাহিত্যিক, প্রকাশকদের মধ্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক নিয়াজ জামান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ–উল–আলম লেনিন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, ইউপিএলের প্রকাশক মহিউদ্দিন আহমেদ। তা ছাড়া দুই দিনের এ সেমিনারে অংশ নিচ্ছেন জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, লেখক আনিসুল হক, মাহবুবুল হকসহ আরও অনেকে।