‘মুক্তবিশ্বে প্রকাশনা’ শীর্ষক সেমিনারে বক্তারা
প্রকাশনার বাধা অতিক্রমে সব পক্ষকে আন্তরিক হতে হবে
বাংলাদেশে স্বাধীনভাবে মতপ্রকাশে বিভিন্ন প্রতিবন্ধকতা যেমন আছে, তেমনি আছে প্রকাশনার ক্ষেত্রে বিভিন্ন বাধা। এসব বাধা ও প্রতিবন্ধকতা সরকার ছাড়াও বিভিন্ন মহল থেকে আসে। তবে এগুলো অতিক্রম করতে সব পক্ষকে আন্তরিক হতে হবে।
প্রথমবারের মতো দুদিনব্যাপী প্রকাশনাবিষয়ক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এ কথা বলেন। জাতীয় গ্রন্থকেন্দ্র এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এই সেমিনারের আয়োজন করে। ‘মুক্তবিশ্বে প্রকাশনা’ শীর্ষক এই সেমিনার গতকাল শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে। প্রথম দিনে বই প্রকাশনার বিভিন্ন সমস্যা, বাংলাদেশের প্রস্তাবিত শিক্ষা আইনে প্রকাশনার ক্ষেত্রে জেল-জরিমানার প্রসঙ্গ এবং লেখক-প্রকাশক হত্যার বিষয়গুলো উঠে আসে।
সেমিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। আপনার কোনো অধিকার নেই অন্যের ধর্মবিশ্বাসকে গালাগাল করার। এসব বিষয় রাষ্ট্র কখনো কখনো জনস্বার্থে নিয়ন্ত্রণ করে।’
সেমিনারের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, প্রকাশনা কালের শুরু থেকেই নিয়ন্ত্রণের সঙ্গে প্রকাশনার স্বাধীনতার দ্বন্দ্ব চলে আসছে। গত কয়েক বছরে ব্লগার, প্রকাশক ও লেখকদের হত্যা করা হয়েছে। উগ্রপন্থীরা মনে করছে, হত্যাই একমাত্র সমাধান। তবে এ ধরনের হত্যার মাধ্যমে বাংলাদেশের মুক্তবুদ্ধির চর্চাকে থামানো যায়নি।
ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের (আইপিএ) পরিচালক বেন স্টুয়ার্ড তাঁর বক্তৃতায় লেখক ও প্রকাশকদের আক্রান্ত হওয়ার প্রসঙ্গগুলো তুলে ধরেন। বাংলাদেশে যে জাতীয় শিক্ষা আইন হতে যাচ্ছে, তাতে সৃজনশীল পাঠ্যবইয়ের প্রকাশনা ক্ষতিগ্রস্ত হবে বলে মত দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও আইপিএর সভাপতি রিচার্ড চার্কিন বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি। সঞ্চালনা করেন সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের পরের অধিবেশনে ‘প্রকাশনার স্বাধীনতা’ বিষয়ক আলোচনায় শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম সেমিনারে আলোচনার সূত্র ধরে বলেন, জাতীয় শিক্ষা আইন প্রকাশনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কি না, তা নিয়ে প্রকাশকদের সঙ্গে আগেই আলাপ-আলোচনা করা উচিত।
আইপিএর সভাপতি রিচার্ড চার্কিন শঙ্কা প্রকাশ করে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, লেখার স্বাধীনতা ও প্রকাশনার স্বাধীনতা এক জিনিস নয়। কোনো পাণ্ডুলিপি ছাপার জন্য এলে সিদ্ধান্ত নিতে হয়, সেটি ছাপা হবে কি হবে না। বেশির ভাগ ক্ষেত্রে এ সিদ্ধান্ত সহজ। কিন্তু মাঝে মাঝে ভালো লেখা ছাপাতে গেলেও প্রশ্ন আসে, এটি প্রকাশ করা ঠিক হবে কি না।
অধিবেশনটি পরিচালনা করেন সাহিত্য প্রকাশের কর্ণধার মফিদুল হক। আলোচনায় অংশ নেন বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন। স্বাগত বক্তব্য দেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশ সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক।
আজ বেলা ১১টা থেকে সেমিনারের দ্বিতীয় দিন শুরু হবে। আজ থাকছে তিনটি অধিবেশন‘আন্তর্জাতিক সীমানায় দেশের প্রকাশনাকে তুলে ধরা’, ‘প্রকাশনায় নারী’ ও ‘প্রকাশনায় আঞ্চলিক সহযোগিতা’।