প্রকাশিত খবর ও সম্পাদকীয় সম্পর্কে পিডিবির ব্যাখ্যা
গত ২৭ আগস্ট প্রথম আলোতে প্রকাশিত ‘খেলাপি প্রতিষ্ঠানের সঙ্গে আরও দুই বিদ্যুৎকেন্দ্রের চুক্তি’ শিরোনামের প্রতিবেদন এবং এর পরিপ্রেক্ষিতে ২৯ আগস্ট প্রকাশিত সম্পাদকীয় সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।ব্যাখ্যায় বলা হয়েছে, কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রসমূহের চুক্তিসহ সব চুক্তিতে কাজ সমাপ্তির জন্য একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়ে থাকে। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে উৎপাদনে আসতে ব্যর্থ হলে সেই প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মেগাওয়াটের জন্য দৈনিক ৫০০ মার্কিন ডলার হারে জরিমানা আদায়ের বিধান রয়েছে। যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদনে আসতে ব্যর্থ হয়েছে, তাদের কাছ থেকে যথারীতি জরিমানা আদায়ের কার্যক্রম চলমান রয়েছে।পিডিবি বলেছে, কেরানীগঞ্জে ১০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য মুতিয়ারা পাওয়ার প্যাকের সঙ্গে পিডিবি চুক্তি করে। নির্ধারিত সময়ে কাজ সম্পাদনে ব্যর্থ হওয়ায় ওই প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চুক্তির ব্যত্যয় ঘটিয়ে ওই প্রতিষ্ঠানকে কোনো সুবিধা দেওয়া হয়নি। তবে চুক্তি অনুযায়ী জমি বুঝিয়ে দেওয়াসহ অন্যান্য কিছু বাধ্যবাধকতার জন্য বিলম্ব হওয়ায় ওই প্রতিষ্ঠান জরিমানার বিষয়টি বিবেচনার জন্য আবেদন করেছে, যা বর্তমানে একটি কমিটির পরীক্ষাধীন আছে।ব্যাখ্যায় বলা হয়, কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র যে চুক্তির আওতায় হয়েছে, সেই চুক্তির বিধান অনুযায়ী বর্তমানে সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে কোনো প্রতিষ্ঠান বিদ্যুৎ সরবরাহে ব্যর্থ হলে তার কাছ থেকে জরিমানা আদায়ের বিধান চুক্তিতেই রয়েছে। তাই উৎপাদনে বিলম্বের জন্য সেই প্রতিষ্ঠানকে চুক্তি ভঙ্গকারী বলা যায় না।