প্রকাশিত খবর নিয়ে গ্রামীণফোনের ব্যাখ্যা
প্রথম আলোতে ১০ জুলাই ‘গ্রামীণফোনে আপাতত আর ছাঁটাই হবে না’ শিরোনামে প্রকাশিত গ্রামীণফোনের চিফ কমিউনিকেশনস অফিসার কাজী মনিরুল কবির এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘একটি পরীক্ষার মাধ্যমে এই (সংস্কার) প্রক্রিয়া শেষ হয়। যাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না, নিয়ম অনুযায়ী তাঁরা চাকরিচ্যুত হন।’ এ ক্ষেত্রে তাঁর বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে গত রোববার গ্রামীণফোনের এক ব্যাখ্যায় দাবি করা হয়। ব্যাখ্যায় বলা হয়, ৯ জুলাই অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুরো সংস্কার-প্রক্রিয়া ব্যাখ্যা করে মনিরুল কবির বলেছিলেন, ‘প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কর্মীদের একটি অংশ পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন, একদল পরীক্ষায় অংশ নেননি এবং আরও কয়েকজন পরীক্ষায় কৃতকার্য হলেও ব্যক্তিগত কারণে নির্দিষ্ট পদে যোগ দিতে অস্বীকৃত হন। এঁদের সবাইকে গ্রামীণফোনের চাকরি থেকে বিদায় গ্রহণ প্রক্রিয়ার আয়ত্তে আনা হয়।’