প্রকাশিত খবর নিয়েও তাঁদের ভিন্নমত!
প্রকাশ্য মতবিরোধের পর এবার গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়েও ভিন্নমত প্রকাশ করেছেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া আফরিন।গত রোববার প্রথম আলোয় ‘দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে বিরোধ, মুখ দেখাদেখি বন্ধ তাঁদের’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর ইউএনও সোনিয়া আফরিন এক প্রতিক্রিয়ায় প্রতিবেদনটিকে বস্তুনিষ্ঠ বলে উল্লেখ করেন। তবে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম প্রতিবেদনে ইউএনওর উদ্ধৃতি দিয়ে প্রকাশিত অভিযোগ সঠিক নয় এবং অনেকটাই অতিরঞ্জিত ও মিথ্যা বলে দাবি করেছেন।রোববার বিকেলে পাঠানো এক ই-মেইলে উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম দাবি করেন, কাজি নিয়োগের বিষয়ে ইউএনওর সঙ্গে তাঁর কোনো মতানৈক্য হয়নি; বরং দুজনেই গেজেটের দুর্বলতা এবং নিয়োগদানের আয়োজনের ত্রুটির বিষয়ে একমত ছিলেন। কারণ, সংশ্লিষ্ট কমিটির কোনো সভা ছাড়াই নিয়োগদানের যাবতীয় প্রস্তুতিতে তিনি (চেয়ারম্যান) আপত্তি তোলেন এবং ইউএনও একমত হয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁকে (ইউএনও) মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনে যোগাযোগ করে উল্লিখিত বিষয়ে নিশ্চিত হতে পরামর্শ দিয়েছিলেন তিনি, যাতে কোনো ভুল না হয়।