প্রকাশিত খবর পক্ষে না যাওয়ায়...
প্রথম আলোয় গত শুক্রবার ‘কলেজছাত্রীকে ধাক্কার জের, বাঘাইছড়িতে আদিবাসী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৪’ শীর্ষক সংবাদটি বাঙালিদের পক্ষে না যাওয়ার অভিযোগ তুলেছেন কয়েকজন বাঙালি ছাত্র।এর প্রতিবাদে বাঙালি ছাত্ররা গতকাল শনিবার বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।গত মঙ্গলবার বাঘাইছড়ি উপজেলার কাচালং ডিগ্রি কলেজে একজন বাঙালি ছাত্রীর সঙ্গে একজন আদিবাসী ছাত্রের ধাক্কা লাগে। এর জের ধরে বৃহস্পতিবার কয়েক শ বাঙালি ছাত্র কলেজ অবরোধ করেন। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের পাহারায় কলেজ থেকে বাড়িতে ফেরার পথে আদিবাসী শিক্ষক ও শিক্ষার্থীরা হামলার শিকার হন। এ ঘটনা নিয়ে শুক্রবার প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়।ওই সংবাদ বাঙালিদের পক্ষে না যাওয়ার অভিযোগ তুলে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কলেজ শাখার ব্যানারে গতকাল বেলা ১১টার দিকে বাঘাইছড়ি সদরে ১৫-২০ জন বাঙালি ছাত্র বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা প্রথম আলো ও বাঘাইছড়ি প্রতিনিধি সাধন বিকাশ চাকমার বিরুদ্ধে স্লোগান দেন। পরে চৌমুহনীতে সংক্ষিপ্ত সমাবেশে মোহাম্মদ হান্নান (২১) ও মোহাম্মদ ফরিদ (২২) অভিযোগ করেন, প্রকাশিত সংবাদটি বাঙালিদের পক্ষে যায়নি। এ সময় তাঁরা প্রথম আলোর ২০-২৫টি কপি পুড়িয়ে ফেলেন।যোগাযোগ করা হলে বাঘাইছড়ি উপজেলা পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সভাপতি আবু কাইয়ুম বলেন, ‘গত বৃহস্পতিবারের ঘটনায় আমি সেখানে যাইনি। সাধারণ বাঙালি ছাত্ররা এটা করেছে।’সংবাদে বাঙালি ছাত্ররা আক্রমণ করেছেন, এমন কিছু উল্লেখ না থাকার বিষয়টি জানালে আবু কাইয়ুম নিজেই প্রশ্ন করেন, ‘তাহলে কেন করল!’ বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমি বৃহস্পতিবারের হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম। ঘটনা যা ঘটেছে, সংবাদে তাই লেখা হয়েছে। কোথাও ভুল হয়নি।’এদিকে নিরাপত্তা না পেলে আদিবাসী শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজে যাবেন না বলে জানিয়েছেন। কলেজের শিক্ষক দেব প্রসাদ দেওয়ান ও লালন কান্তি চাকমা বলেন, অনেক অভিভাবক ও শিক্ষার্থী জানিয়েছেন, আদিবাসী শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা না নিলে কলেজে যাওয়া সম্ভব হবে না।আদিবাসী শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার বিজিবি ও পুলিশের সামনে কয়েকজন মুখচেনা বাঙালি যুবক যেভাবে আদিবাসী শিক্ষক ও শিক্ষার্থীদের হামলা করেছেন, তাতে সবাই উদ্বিগ্ন। কলেজের সভাপতি, রাঙামাটি জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এবং নিরাপত্তার ব্যবস্থা না নিলে কলেজে শিক্ষার পরিবেশ ফিরে আসবে না। কাচালং ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের স্বীকার করেন, গতকাল বাঙালি শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজে গেলেও আদিবাসী শিক্ষক ও শিক্ষার্থীরা যাননি।