প্রকাশিত খবরে প্রবীণ হিতৈষী সংঘের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
১৩ জুলাই প্রথম আলোয় প্রকাশিত বিশেষ প্রতিবেদন ‘প্রবীণ হিতৈষী সংঘ কি নিজেই জরাগ্রস্ত?’ বিষয়ে ভিন্নমত পোষণ করে একটি প্রতিবাদ পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। তবে প্রতিবাদে প্রতিবেদনে প্রকাশিত কোনো বিশেষ তথ্যকে মিথ্যা বা ভুল বলে উল্লেখ করা হয়নি।নিবাসীরা ভাড়া বৃদ্ধির ব্যাপারে যে অভিযোগ করেছেন, কর্তৃপক্ষ এর জবাবে গত এক দশকে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলেছে। ‘ভবনটি প্রবীণবান্ধব নয়’ প্রথম আলোর এ পর্যবেক্ষণের জবাবে বলা হয়েছে, এটি সরকারি অর্থে সরকারি নকশায় তৈরি। রাতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরার বাধ্যবাধকতা প্রসঙ্গে তারা নিবাসীদের নিরাপত্তার যুক্তি দিয়েছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানের আয় ও রোগীর সংখ্যা বৃদ্ধির পরিসংখ্যান দিয়ে একে জরাগ্রস্তর বদলে বরং ‘প্রাণ সঞ্চারিত’ বলে দাবি করা হয়েছে।প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোর প্রতিবেদনে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বরাত দিয়েই প্রশাসনিকসহ বিভিন্ন সমস্যার কারণে এর সেবা বিঘ্নিত হওয়ার কথা বলা হয়েছে। তবে প্রশ্নচিহ্নসহ ‘জরাগ্রস্ত’ প্রত্যয়টি ব্যবহার করা হয়েছিল মূলত নীতিমালার যুগোপযোগিতার বিচারে। যেমন, নিজেই নিজের সব দেখাশোনায় সক্ষম নন, এমন ব্যক্তি বা প্রতিবন্ধীদের ভর্তি না করা, ভর্তির জন্য জামিনদারের প্রয়োজনীয়তা প্রভৃতি। বর্তমান সময়ে প্রতিবন্ধীদের সীমাবদ্ধতার কারণে তাঁদের সুযোগবঞ্চিত করার মানসিকতার পরিবর্তন ঘটছে। আর সমস্যার অভিযোগগুলো প্রথম আলোর নিজস্ব নয়, বরং নিবাসীদের।