প্রকাশিত খবরের প্রতিবাদ
গত ৩ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত ‘মিরপুর কলেজে অধ্যক্ষ নিয়োগ নিয়ে অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
এতে তিনি দাবি করেছেন, অধ্যক্ষ নিয়োগ-প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি। বিধিবিধান মেনেই গোলাম ওয়াদুদকে মনোনীত করা হয়েছে। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাংসদ মো. আসলামুল হকের আশীর্বাদে অধ্যক্ষ মনোনীত করার অভিযোগ মিথ্যা দাবি করে বলা হয়, সভাপতি কখনোই অধ্যক্ষ বা অন্য কোনো শিক্ষক নিয়োগে প্রভাব বিস্তার করেননি।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে গোলাম ওয়াদুদের নিয়োগপত্রে বেতন-ভাতার কথা উল্লেখ না থাকলেও পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে ভাতা নিয়েছেন বলে দাবি করা হয়। তাঁর বিরুদ্ধে গাড়ি ব্যবহারের অভিযোগকে সত্য হিসেবে উল্লেখ করে বলা হয়, কলেজ ভবন নির্মাণ উপকমিটির সদস্য হিসেবে নির্মাণকাজ তদারকির জন্য তাঁকে গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
অধ্যক্ষের কক্ষে বসে গোলাম ওয়াদুদ কাজকর্ম করেন বলে যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা বলে দাবি করা হয়।
প্রতিবেদকের বক্তব্য: ওই কলেজের শিক্ষকদের অভিযোগ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেওয়া তিন ব্যক্তির অভিযোগপত্রের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে সাংসদ আসলামুল হক ও অধ্যক্ষ হিসেবে মনোনীত গোলাম ওয়াদুদের বক্তব্যও ছাপা হয়েছে।