প্রকাশিত খবরের প্রতিবাদ
‘ইরাকের শ্রমবাজার ঘিরে অসাধু তৎপরতা, ভুয়া চাহিদাপত্র’ শিরোনামে ১৭ জুন প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান সাত্তার ওভারসিজ। গত মঙ্গলবার পাঠানো প্রতিবাদে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবদুস সাত্তার প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেন।আবদুস সাত্তার বলেন, দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে ব্যবসা করেছেন। গত ২৩ এপ্রিল তাঁর প্রতিনিধি ইরাকে যান এবং দুটি কোম্পানির এক হাজার ১৩০ জনের চাহিদাপত্র সংগ্রহ করে ৬ মে দূতাবাসে জমা দেন। রাষ্ট্রদূত যাচাই করে চাহিদাপত্রে স্বাক্ষর করেন। এরপর তাঁরা লোক নিয়োগের জন্য ১৪ মে পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। কাজেই ওই চাহিদাপত্র কখনোই ভুয়া নয়। প্রতিবেদকের বক্তব্য: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং ইরাকের বাংলাদেশের শ্রম কাউন্সেলর বলেছেন, এই নিয়োগপত্র যথাযথ নয়। এমনকি রাষ্ট্রদূতও বলেছেন, তিনি এই নিয়োগপত্রে স্বাক্ষর করেননি। আর সাত্তার ওভারসিজ প্রতিবাদে যে কথাগুলো বলছে, সংবাদেও তাদের সেই বক্তব্য প্রকাশিত হয়েছে।