প্রকাশিত খবরের প্রতিবাদ
‘প্রবীণ হিতৈষী সংঘে অবৈধ স্থাপনা নিয়ে অস্বস্তি’ শিরোনামে গত ২৭ এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান।
তবে প্রতিষ্ঠানের সভাপতি মো. নজরুল ইসলামের স্বাক্ষরিত প্রতিবাদে প্রকাশিত প্রতিবেদনের কোনো তথ্য নিয়ে দ্বিমত করা হয়নি। কেবল বলা হয়েছে, আগামী ১ মে সংঘের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এ সময়ে প্রতিবেদনটি হওয়ায় সংঘের প্রবীণেরা আহত হয়েছেন।
অনুমোদন ছাড়া স্থাপনা নির্মাণ করায় গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয় তা বন্ধ করার নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির সদস্য এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মহাসচিব এ কে এম আবদুল ওয়াহেদের মেয়ে তৈয়বা খাতুনসহ কয়েকজন সদস্য এ বিষয়ে লিখিত ও মৌখিক আপত্তি জানিয়েছেন, প্রতিকার চেয়েছেন।
তবে প্রতিবাদপত্রে দাবি করা হয়েছে, নির্মাণাধীন স্থাপনাটি সংঘের নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ২০১১ সাল থেকে স্থাপনা উপকমিটির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
প্রতিবাদপত্রে আরও দাবি করা হয়, ব্যয়সংক্রান্ত হিসাবও একইভাবে সভায় অনুমোদন করা হয়েছে।
প্রতিবাদে বলা হয়েছে, সংঘের নামে বরাদ্দ করা জমিটির লিজ দলিল না হওয়ায় স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নেওয়া সম্ভব হচ্ছে না। এর মাধ্যমে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি কার্যত স্বীকারই করা হলো।