প্রকাশিত খবরের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন (রয়টার্সের ফাইল ছবি)
যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন (রয়টার্সের ফাইল ছবি)

‘হাউস অব কমন্সের প্রতিবেদন: দাবি পূরণ ছাড়া বিএনপির ভোটে আসা ছিল অপ্রত্যাশিত’ শিরোনামে গত ৩০ নভেম্বর প্রথম আলো অনলাইনে প্রকাশিত খবরের প্রতিবাদ করেছে তথ্য মন্ত্রণালয়। প্রতিবাদপত্রে বলা হয়েছে, এ–সংক্রান্ত মন্তব্যগুলো যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের মতামত বা প্রতিবেদন নয়; এর কোনো সদস্যের মন্তব্যও নয়। এটি হাউস অব কমন্সের জন্য তৈরি করা একটি গবেষণা প্রতিবেদন।

গবেষণা প্রতিবেদনটির ইতিবাচক মন্তব্যগুলো প্রথম আলো এড়িয়ে গেছে দাবি করে প্রতিবাদপত্রে একটি উদাহরণ তুলে ধরা হয়, ‘...এই সিদ্ধান্তের (বিএনপির নির্বাচনে অংশগ্রহণ) অর্থ হচ্ছে অনেক পর্যবেক্ষক যা ভেবেছিলেন, ২০১৮-এর নির্বাচন তার চেয়ে বেশি গ্রহণযোগ্য হবে।’

৪ ডিসেম্বর পাঠানো প্রতিবাদপত্রে তথ্য মন্ত্রণালয় একে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াসের পরিচায়ক বলে দাবি করা হয়।

প্রথম আলোর বক্তব্য
বিষয়টি নজরে আনার জন্য আমরা তথ্য মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই পত্রযোগাযোগকে আমরা সাদরে গ্রহণ করছি। 
পাশাপাশি এ–ও জানাচ্ছি, ৩ ডিসেম্বর প্রথম আলোর মুদ্রিত সংস্করণে এ বিষয়ে আমরা একটি ব্যাখ্যা ছেপেছি। তাতে স্পষ্টভাবে বলা হয়েছে, যুক্তরাজ্যের সাংসদদের অবগতির জন্য এ ধরনের গবেষণাভিত্তিক ব্রিফিং তৈরি করা হয়ে থাকে। সাধারণভাবে যুক্তরাজ্যের হাউস অব কমন্স লাইব্রেরি এ ব্রিফিং তৈরি করে এবং সংসদের ওয়েবসাইটে তা প্রকাশিত হয়। এসব ব্রিফিং হাউস অব কমন্সের সদস্যদের অবগতির জন্য তৈরি করা হয়। 
প্রথম আলো অনলাইনেও এটি যে ‘রিসার্চ ব্রিফিং’, তা উল্লেখ করা হয়েছে। তবে হাউস অব কমন্স লাইব্রেরির প্রতিবেদনের জায়গায় হাউস অব কমন্সের প্রতিবেদন বলায় ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এই অসাবধানতার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। 
তথ্য মন্ত্রণালয়ের পত্রে ওই প্রতিবেদনের ইতিবাচক অংশ বাদ দেওয়ার যে উদাহরণ দেওয়া হয়েছে, তা যথাযথ নয়। প্রথম আলোর অনলাইন প্রতিবেদনের চতুর্থ অনুচ্ছেদেই ছিল, ‘...বিএনপি অপ্রত্যাশিতভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। অনেকেই মনে করছেন, এর ফলে নির্বাচন তুলনামূলক বিশ্বাসযোগ্য হবে।’ আবার মুদ্রিত সংস্করণে ছাপা হয়েছে, প্রতিবেদন অনুযায়ী ‘বেশির ভাগ অভিজ্ঞ মহল এখনো মনে করেন, নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করবে।’