প্রকাশিত খবরের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ৬ মার্চ প্রকাশিত ‘খুলনার বিথার হত্যা মামলা—মূল অভিযুক্ত এখন সাংসদ, দুই আসামি খুন’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ মিজানুর রহমান। একই সঙ্গে তাঁর আইনজীবী একটি আইনি নোটিশও পাঠিয়েছেন।
প্রতিবাদপত্রে মিজানুর রহমান দাবি করেন, তাঁর দীর্ঘদিনের রাজনীতি ও তাঁর পরিবারের ঐতিহ্য নষ্ট করার জন্য একটি মহল ষড়যন্ত্র করে সাংবাদিককে ভুল তথ্য দিয়ে সংবাদ করিয়েছে। বিথার হত্যা মামলায় খুলনার পুলিশ অনুমানের ওপর নির্ভর করে অনেকের নাম জড়িয়েছে। মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। বিচারাধীন মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কাউকে খুনি বা অভিযুক্ত বলা যায় না।
প্রতিবাদে দাবি করা হয়, ‘রিপোর্টটি পড়লে মনে হয়, কারও কাছ থেকে অর্থ গ্রহণ করে অর্থদাতাদের নাম বাদ দিয়ে শুধু আমার নাম জড়িয়ে সংবাদ করা হয়েছে।’ আর আইনি নোটিশে বলা হয়, কতিপয় অসাধু ব্যক্তি মিজানুর রহমানের রাজনৈতিক অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে বিথার হত্যা মামলায় তাঁকে জড়িয়ে যে অভিযোগপত্র দিয়েছে, তা আদালতের কাছে গ্রহণযোগ্য হয়নি। আদালত তাই অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়, ‘প্রতিবেদনের কারণে মিজানুর রহমানের সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক মানসম্মান ক্ষুণ্ন হয়েছে, যার আর্থিক মূল্য কোটি টাকার অধিক।’
প্রতিবেদকের বক্তব্য: ২০০৯ সালের ১১ জুলাই রাতে খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল ওরফে বিথার খুন হন। সাড়ে চার বছরেও এই মামলার বিচারকাজ শুরু হয়নি। এ মামলায় আদালতে দেওয়া অভিযোগপত্র, তদন্ত কর্মকর্তা ও নিহত ব্যক্তির পরিবারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে সে বিষয়টিই তুলে ধরা হয়েছে।
গত বছরের ১১ অক্টোবর গোয়েন্দা পুলিশ মিজানুর রহমানসহ নয়জনকে অভিযুক্ত করে আদালতে যে অভিযোগপত্র দিয়েছে, তার সূত্রেই প্রতিবেদনে সাংসদের নাম এসেছে। পুলিশ যে নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল, প্রতিবেদনে তাঁদের সবার নামই উল্লেখ করা হয়েছে। অভিযোগের বিষয়ে মিজানুর রহমানের বক্তব্যও যথাযথ গুরুত্ব দিয়ে প্রতিবেদনে যুক্ত করা হয়েছিল।