প্রকাশিত খবরের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
‘অটোরিকশা বরাদ্দ নিয়ে অবৈধ বাণিজ্য’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন মিশুক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
বিআরটিএ বলেছে, মিশুকের বদলে সিএনজিচালিত অটোরিকশা বরাদ্দের জন্য ২ হাজার ২৪০টি আবেদন পড়ে। কিন্তু এর অধিকাংশই ক্রয়সূত্রে মিশুকের মালিক। এই আবেদনপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিলে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করা হয়। মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা মতামত দেন, মালিকানা বদল ফিসহ যাবতীয় পাওনা রাজস্ব পরিশোধ করলে এফিডেভিটধারীকে মিশুকের মালিক হিসেবে গণ্য করা যাবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট হয়। এফিডেভিটমূলে মালিকই মিশুকের প্রকৃত মালিক বলে আদালত রায় দেন। এরপর বিআরটিএ বরাদ্দের কার্যক্রম শুরু করে।
বিআরটিএ বলেছে, অটোরিকশার নিবন্ধন পাওয়ার পর দুই বছরের মধ্যে তা মালিকানা বদল করা যাবে না। কেউ যদি তা করে এবং কোনো বাণিজ্য করে এর দায়ভার বিআরটিএর ওপর বর্তায় না। মিশুকের বদলে অটোরিকশা দেওয়ার ক্ষেত্রে কোনো নীতিমালা ভঙ্গ হয়নি। বিআরটিএর কোনো কর্মকর্তা-কর্মচারী অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত নন। তবু বিআরটিএ অভিযোগটি খতিয়ে দেখছে।
প্রতিবেদকের বক্তব্য: বাংলাদেশের সব যানবাহনের (সরকারি-বেসরকারি) নিবন্ধন, মালিকানা বদল, ফিটনেস সনদ প্রদান, চলাচলের অনুমতিসহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও নিয়ন্ত্রণের আইনত এখতিয়ার বিআরটিএর। দুই বছরের মধ্যে অটোরিকশার মালিকানা বদল করা যাবে না—এই সিদ্ধান্তও বিআরটিএর। ২০০২ সালে এভাবে মালিকানা বদল করে বাণিজ্যের অভিযোগ উঠলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন এই সিদ্ধান্ত অমান্য হলে বিআরটিএর কি কিছু করার নেই? তা হলে সংস্থাটির কাজ কী?
মোটরযান আইনের ৪০ ধারায় বলা হয়েছে, মালিকানা হস্তান্তরের ১৪ দিনের মধ্যে তা নিবন্ধন কর্তৃপক্ষকে (বিআরটিএ) বিক্রেতা জানাবে। এ-সংক্রান্ত অনুলিপি ক্রেতাকে সরবরাহ করবে। এরপর বিআরটিএ সরেজমিন পরীক্ষা করে হস্তান্তরের কারণ সম্পর্কে সন্তুষ্ট হলে ৩০ দিনের মধ্যে নিবন্ধনের ব্যবস্থা করবে। এর জন্য যানবাহনের ফিটনেস সনদ থাকতে হবে।
কিন্তু মিশুকের মালিকানা হস্তান্তর এই আইন মেনে হয়নি। ১৫ বছর আগে মিশুক কেনা হয়েছে—এমন এফিডেভিটের ওপর ভিত্তি করে মালিকানা বদল হয়েছে। ফিটনেস সনদও ছিল না।
মালিকানা হস্তান্তর আইন অনুসারে না করে এবং সব পুরোনো মিশুক কেটে অকেজো না করে অটোরিকশার বরাদ্দ হচ্ছে।
মিশুক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রতিবাদ: মিশুক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বলেছে, অটোরিকশার ক্রয়-বিক্রয় ব্যবসায়ীদের ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে শোরুমে বিক্রি করা অটোরিকশার মূল্যের সম্পর্ক নেই। কেবল ১৩ হাজার টাকা নিবন্ধন ফি দিলেই মিশুকের পরিবর্তে অটোরিকশা পাওয়া যায় না। সরকারি বকেয়া ফি ও জরিমানাসহ ৮০ হাজার থেকে পৌনে দুই লাখ টাকা লাগে। দীর্ঘদিন গ্যারেজে রেখে ভাড়া মেটানোর কারণে অনেক গরিব মালিক সিএনজিচালিত অটোরিকশা ক্রয় করতে পারেন না। এ জন্য হাতবদল করা হয়।
প্রতিবেদকের বক্তব্য: বিআরটিএর ১৯৯৬ সালের সিদ্ধান্ত মোতাবেক নয় বছরের পুরোনো মিশুক ঢাকার বাইরে বিক্রি করে দেওয়ার কথা। নতুবা সেগুলো কেটে অকেজো করার নিয়ম। তা না করে এফিডেভিটের মাধ্যমে মালিক দাবিদারেরা আইন লঙ্ঘন করেছেন। সম্প্রতি যেসব মিশুকের পরিবর্তে অটোরিকশা বরাদ্দ দেওয়া হয়েছে, সেগুলোর মেয়াদ ১৫ বছর আগেই শেষ হয়ে গেছে। এত পুরোনো মিশুক জরিমানা দিয়ে এফিডেভিটের মাধ্যমে মালিকানা বদলের সুযোগ নেই।
প্রতিবাদপত্রে সই রয়েছে ঐক্য পরিষদের আহ্বায়ক সারোয়ার হোসেনের। বিআরটিএতে খোঁজ নিয়ে তাঁর নামে মিশুকের কোনো নিবন্ধন পাওয়া যায়নি। বরং তিনি মেয়াদোত্তীর্ণ মিশুক কিনে নিজেকে ক্ষতিগ্রস্ত দাবি করে অটোরিকশা পেতে আবেদন করেছেন।
শ্রমিক ফেডারেশনের প্রতিবাদ: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ৬০ হাজার টাকা করে কমিশন পাওয়ার কথা অস্বীকার করেছে। কমিশনের অভিযোগ, ফেডারেশনের সুনাম ক্ষুণ্ন করেছে। ফেডারেশন অটোরিকশা বরাদ্দে সরকারের সঙ্গে দর-কষাকষিও করেনি, মিশুক-মালিক শ্রমিক ঐক্য পরিষদের দাবির প্রতি সমর্থন দিয়েছে। সরকার বিভিন্ন সভায় ডেকেছে বলে ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী উপস্থিত থেকেছেন।
প্রতিবেদকের বক্তব্য: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দেশব্যাপী শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেয়। অটোরিকশা খাতের মালিক বা শ্রমিকদের দাবি নিয়ে এর আগে সংগঠনটির নেতাদের কথা বলতে দেখা যায়নি। আর মিশুকের বদলে অটোরিকশা পেলে লাভ মালিকদের। মালিকদের জন্য শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃত্বের এই সম্পৃক্ততা যে নিঃস্বার্থ নয়, অটোরিকশাপ্রাপ্তরাই তা জানিয়েছেন।