প্রকাশিত খবরের প্রতিবাদে সেলিম ওসমানের সমাবেশ
সংবাদপত্রে প্রকাশিত খবরের প্রতিবাদ জানাতে সমাবেশ করেছে নারায়ণগঞ্জের সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবের বুড়িগঙ্গা হলে এ সমাবেশ হয়।তবে সভায় কোন পত্রিকায় ঠিক কী সংবাদ প্রকাশিত হয়েছে বা সংবাদের কোন বক্তব্য ‘মিথ্যা বা বিভ্রান্তিকর’, তা বক্তাদের কেউ উল্লেখ করেননি। তাঁদের বেশির ভাগই ব্যবসায়ী নেতা সেলিম ওসমানের প্রশংসা করেন।সমাবেশে উপস্থিত সূত্র জানায়, সভামঞ্চের ব্যানারে লেখা ছিল, ‘দৈনিক প্রথম আলোসহ কয়েকটি দৈনিক পত্রিকায় বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি একেএম সেলিম ওসমানের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদ সভা’। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, সভায় যোগ দেওয়ার জন্য তাঁদের টেলিফোনে চাপ প্রয়োগ করা হয়। সংবাদপত্রে প্রকাশিত খবরের লিখিত প্রতিবাদ বা আইনগত ব্যবস্থা না নিয়ে এভাবে ব্যবসায়ীদের ডেকে সমাবেশ করা নজিরবিহীন বলে তাঁরা অভিমত দেন।নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালক ছিলেন চেম্বারের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আইউব। এতে নারায়ণগঞ্জ সু-মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুরুজ্জামান খসরু বলেন, ‘সাংবাদিকদের যেন শুভবুদ্ধির উদয় হয়।’মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সামিউল্লাহ মিলন বলেন, ‘সেলিম ওসমান দানবীর লোক। তিনি কবরীর নির্বাচনেও সহযোগিতা করেছেন।’