প্রকাশিত খবরের বিষয়ে গণপূর্তের ব্যাখ্যা
গত ২১ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘কাজ না করেই কোটি টাকার বিল উত্তোলন’ শিরোনামের প্রতিবেদনের বক্তব্য সম্পর্কে নিজেদের ব্যাখ্যা দিয়েছে গণপূর্ত ই/এম বিভাগ, মিরপুর।ই/এম বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়কোবাদের সই করা ব্যাখ্যায় দাবি করা হয়, মহাখালীতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ও স্থাপনার বৈদ্যুতিক/যান্ত্রিক সরঞ্জাম মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের বিষয়ে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সঠিক নয়। বিগত ২০১০-১১ অর্থবছরে এ খাতে ৯৪টি কাজের অনুকূলে প্রশাসনিক অনুমোদন ও অর্থ বরাদ্দ প্রদান করা হয়। ওই অর্থবছরের মধ্যেই কাজ সম্পাদন করে এ অর্থ ব্যয়ের বাধ্যবাধকতা ছিল। অভিজ্ঞ ঠিকাদার নির্বাচন করে গণপূর্ত অধিদপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাজ সম্পাদন করা হয়েছে। যতটুকু কাজ হয়েছে, সে পরিমাণ কাজের চলতি বিল দেওয়া হয়েছে।ব্যাখ্যায় আরও বলা হয়, চাহিদা ও বাস্তবতার আলোকে ২০১১-১২ অর্থবছরে একই ধরনের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে প্রাক্কলিত অর্থ বরাদ্দ ও প্রশাসনিক অনুমোদনের আবেদন পাঠিয়েছে। কাজের প্রয়োজনীয়তা এবং বাস্তব অবস্থা বিবেচনা করে অর্থ বরাদ্দ দেওয়া হলেই কেবল কাজগুলো হাতে নেওয়া হবে।প্রতিবেদকের জবাব: যথাযথ তথ্য-উপাত্ত ও অনুসন্ধানের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য স্থাপনা পরিদর্শন এবং স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে বিভিন্ন অভিযোগের পক্ষে সমর্থন পাওয়া যায়।