প্রকাশিত খবরের ব্যাখ্যা
দৈনিক প্রথম আলোর শেষ পৃষ্ঠায় গত ২৬ অক্টোবর ‘কার্ড পেয়েছেন ব্যাংক কর্মকর্তা, শিক্ষকেরাও’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন বরগুনা সদর উপজেলার নলটোলা ইউনিয়নের ১০ টাকা কেজি দরে চাল বিক্রির ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র ডিলার মো. সাদেকুল ইসলাম।
তিনি জানান, প্রতিবেদনে সাদেকুল ইসলাম পাথরঘাটা উপজেলার হাজী জালাল উদ্দীন মহিলা কলেজের দর্শন বিভাগের একজন শিক্ষক হয়ে ডিলারশিপ নিয়ে অনিয়ম করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে সাদেকুল ইসলাম বলেন, ‘সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ বিধিমালা অনুযায়ী কোনো সরকারি কর্মচারী ওই কর্মসূচির ডিলার হতে পারবেন না বলে উল্লেখ আছে।
কিন্তু আমার কর্মস্থল হাজী জালাল উদ্দীন মহিলা কলেজটি সরকারি না। আমি চলতি বছরের ১১ জুলাই প্রকাশিত খাদ্য বিভাগের বিজ্ঞপ্তির আলোকে যখন ডিলারশিপের জন্য আবেদন করি তখনো আমার কলেজটি বেসরকারি ছিল।
বর্তমানে কলেজটি জাতীয়করণের তালিকাভুক্ত হলেও এখন পর্যন্ত গেজেট প্রকাশ হয়নি। আর গেজেট প্রকাশ হলে আমি ডিলারশিপ অন্য কারও কাছে হস্তান্তর করব।
বর্তমানে আমার ডিলারশিপ সরকারি বিধি মোতাবেক বৈধ রয়েছে।’