প্রকাশিত খবরের ব্যাখ্যা
‘উগ্রপন্থীর সঙ্গে যোগাযোগ, সেনা কর্মকর্তার বিচার চলছে’ শিরোনামে গতকাল শনিবার প্রথম আলোয় প্রকাশিত খবরের কিছু অংশের ব্যাখ্যা দিয়েছেন গ্রেপ্তার হওয়া সেনা কর্মকর্তা লে. কর্নেল হাসিনুর রহমানের স্ত্রী শামীমা আখতার।ব্যাখ্যায় তিনি বলেন, নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের সঙ্গে হাসিনুরের কোনো সম্পর্ক ছিল না। তিনি বাহিনীর শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজের সঙ্গে জড়িত নন। এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত আদালত গঠনের সংবাদটি তাঁদের কাছে অসত্য বলে মনে হয়। শামীমা বলেন, হরকাতুল জিহাদের নেতা মওলানা ইয়াহিয়া র্যাব-৭-এর হাতে আটক হন। এর সূত্র ধরে হাসিনুর বহু জঙ্গিকে গ্রেপ্তার করেন। জঙ্গি দমনে জীবনের ঝুঁকি নিয়েও কাজ করেন। গুলিবিদ্ধ ব্যক্তির ব্যাপারে টেলিফোনে বিদেশির সঙ্গে ফোনালাপ করা, পার্বত্য চুক্তিবিরোধী একটি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখা, সেনা অভিযানের খবর ফাঁস করে দেওয়াসহ যেসব অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়। তিনি অভিযোগ করেন, হাসিনুরকে এখন পর্যন্ত কোনো আইনজীবী নিয়োগ করতে দেওয়া হয়নি।