প্রকাশিত খবরের ব্যাখ্যা ও প্রতিবেদকের বক্তব্য
১৬ ডিসেম্বর প্রথম আলোয় ‘বরেন্দ্র গবেষণা জাদুঘর: ১৮৫ প্রত্নবস্তু ও তিন হাজার প্রকাশনা উধাও’ শীর্ষক প্রতিবেদন প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন জাদুঘরের সাবেক পরিচালক সাইফুদ্দীন চৌধুরী। ব্যাখ্যায় প্রতিবেদকের লেখার সঙ্গে দ্বিমত পোষণ করেননি সাইফুদ্দীন চৌধুরী। একইভাবে বক্তব্য পাঠিয়েছেন জাদুঘরের বর্তমান উপপরিচালক মো. জাকারিয়া।
সাইফুদ্দীন চৌধুরী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের দায়িত্ব পালন করতে পূর্ণসময় ব্যয় হওয়ায় জাদুঘরের ইনভেন্টরি তৈরিতে দেরি হয়েছে। প্রতিটি আইটেম ধরে সপ্তাহে শুধু শুক্রবার ইনভেন্টরি তৈরির কাজ করেছেন।
জাদুঘরের খোয়া যাওয়া ১৮৫টি প্রত্নবস্তু সম্পর্কে তিনি বলেন, আগের পরিচালক মুখলেসুর রহমান এই সব প্রত্নবস্তু ও সামগ্রী বুঝিয়ে দিয়ে যাননি। ১৯৮৬ সালের ১২ ফেব্রুয়ারি জাদুঘরের উপদেষ্টা পরিষদের ৩৪তম সভায় বিষয়টি উপস্থাপন করা হয়েছিল।
প্রকাশনা উধাও হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, কিছু প্রকাশনা নষ্ট হয়ে যাওয়ায় মুখলেসুর রহমানের সময় সেগুলো অবলোপন করা হয়।
মো. জাকারিয়া বলেছেন, তাঁর দায়িত্ব পালনকালে সংগৃহীত ও নিবন্ধিত কোনো প্রত্ননিদর্শনই হারিয়ে যায়নি। ৩৩টি মুদ্রা ও ১৮৫টি প্রত্নবস্তু হারিয়ে যাওয়ার ঘটনাও তাঁর আগের দুজন পরিচালক মুখলেসুর রহমান ও সাইফুদ্দীন চৌধুরীর সময়ের। এ ব্যাপারে মুখলেসুর রহমানের দায়িত্ব হস্তান্তর প্রতিবেদন ও সাইফুদ্দীন চৌধুরীর বক্তব্য বিবেচনার দাবি রাখে। তিনি দাবি করেন, তাঁর সময়ে কোনো প্রকাশনা হারিয়ে যায়নি। বিক্রির টাকাও ব্যাংকে জমা দিয়েছেন।
প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনটি বরেন্দ্র জাদুঘরের উপদেষ্টা পরিষদের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে করা। প্রতিবেদনটি জাদুঘর উপদেষ্টা পরিষদের ৫৯তম সভায় উপস্থাপিত হয় এবং ২০১২ সালের ১১ জুন সিন্ডিকেটের সভায় অনুমোদিত হয়। গত ২৪ সেপ্টেম্বর পরিষদের বিশেষ সভার কার্যবিবরণীতে এটি প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে প্রথম আলোর বক্তব্য নেই। তাতে ব্যাখ্যা দানকারী দুই সাবেক পরিচালকের আত্মপক্ষ সমর্থন করে দেওয়া বক্তব্যও রয়েছে। কাউকে হেয় করতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য: বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কখনো সরেজমিন যাচাইয়ের মাধ্যমে জাদুঘরের প্রত্নবস্তু ও নিদর্শনগুলোর তালিকা তৈরি করা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১০ সালে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে একটি ইনভেন্টরি কমিটি গঠন করে। কমিটি দুই বছরেরও বেশি সময় কাজ করে একটি প্রতিবেদন প্রণয়ন করে। জাদুঘরের উপদেষ্টা পরিষদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে এটি গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় উপদেষ্টা কমিটির সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পুনরায় একটি রিভিউ কমিটি গঠিত হয়। রিভিউ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে কারও সম্পর্কে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।