প্রকাশিত ছবি ও খবরের প্রতিবাদ করেছে পুলিশ
প্রথম আলোয় ১৮ সেপ্টেম্বর প্রকাশিত ‘১১ মাসের শিশুর ১৯ ঘণ্টা হাজতবাস’ শীর্ষক প্রতিবেদন ও ছবির তীব্র প্রতিবাদ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
গতকাল শনিবার পাঠানো এক প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘শিশু রয়েলকে ঘিরে যে ছবিটি প্রকাশিত হয়েছে, সেটা কোনো হাজত নয়। বাংলাদেশের থানাগুলোতে যে হাজত রয়েছে, সেগুলোর তিন দিকে শক্ত দেয়াল রয়েছে। প্রথম আলোয় প্রকাশিত ছবিটি নিজেই তুলে ধরছে যে শিশুটির অবস্থানের অন্তত দুই দিকে কোনো দেয়াল নেই। সেগুলো গ্রিল দিয়ে ঘেরা। বাকি দুই দিক ঘেরা নাকি খোলা, সেটা তুলে ধরা হয়নি।’
প্রতিবাদপত্রে বলা হয়, ছবিটির মিথ্যা পরিচিতি তুলে ধরে এবং স্পর্শকাতর শিরোনাম ব্যবহার করে পুলিশ সম্পর্কে বিদ্বেষ ছড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ করার অপপ্রয়াস চালানো হয়েছে।
পুলিশের এআইজি মো. নজরুল ইসলাম (এমঅ্যান্ডপিআর, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা) স্বাক্ষরিত পত্রে বলা হয়, ‘পুলিশের অনুসন্ধানে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর থানার ভালাইপুর গ্রামের রাজু আহমেদ (শিশুটির বাবা) খুন, ছিনতাই প্রভৃতি অপরাধের আসামি। একাধিক ঘটনায় জড়িত থাকার কারণে তার বাবা তাকে তাড়িয়ে দিয়েছে ঘর থেকে। প্রায় সাত কিলোমিটার দূরে নাটিমা গ্রামে আ. আজিজের বাড়িতে স্ত্রী-পুত্র নিয়ে উঠেছিল রাজু। মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে আজিজ যখন জেলখানায় ছিল, তখন সেখানেই রাজুর সঙ্গে তার পরিচয়। এই আজিজের বাড়িতে বাইরের অচেনা লোকজনের আনাগোনা হচ্ছিল। ঘটনার সময় ঝিনাইদহ থেকে এক অচেনা যুবকও এসেছিল। বিষয়টি সন্দেহের চোখে দেখে গ্রামের লোকজন। রাত সাড়ে ১০টায় গ্রামের কিছু লোক ঘিরে ধরে তাদের। সে সময় কৌশলে রাজু আর আজিজ পালিয়ে যায় গ্রামবাসীর কাছ থেকে। মানুষ আরও সন্দেহপ্রবণ হয়ে ওঠে। তারা ঝিনাইদহ থেকে আগত যুবক এবং রাজুর স্ত্রীকে লাঞ্ছিতও করে। পুলিশকেও খবর দেয় একজন, পুলিশ সেখানে হাজির হয়। তাৎক্ষণিকভাবে দুটো ইস্যুও অনিবার্য হয়ে ওঠে—ফুঁসে ওঠা জনগণ থেকে এদের রক্ষা করা এবং আইনগতভাবে কোনো পদক্ষেপ গ্রহণের প্রয়োজন আছে কি না, তা নির্ধারণ করা। ফলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। মহিলা পুলিশের তত্ত্বাবধানে থানার ডিউটি অফিসারের রুমে বসতে দেয়। এ সময় ১১ মাসের ওই শিশুটিকে তাৎক্ষণিকভাবে কারও কাছে দেওয়ার কোনো সুযোগ ছিল না। কারণ শিশুটি দুগ্ধপোষ্য। মা থেকে বিচ্ছিন্ন করা মানেই তাকে খাবারবঞ্চিত করা। এ ছাড়া পরিচিতজন ছাড়া ওই বয়সের শিশুটা অন্য কারও কাছে যেতেও চায়নি। ...তাকে মা থেকে বিচ্ছিন্ন করলেই মানবতা এবং মানবাধিকার ভূলুণ্ঠিত হতো। সেটাই অমানবিক হতো। সে কারণে পুলিশ ওই শিশুটাকে তার মা থেকে বিচ্ছিন্ন করেনি। আমরা মনে করি, এটা অত্যন্ত মানবিক, ন্যায়সংগত এবং উত্তম পদক্ষেপ। পরবর্তীকালে আইন মোতাবেক মা ও শিশুকে তাদের পরিচিতজনের জিম্মায় দেওয়া হয়েছে।’
প্রতিবাদপত্রে বলা হয়, পুলিশ যখন অসহায় শিশুকে বুকে তুলে নিচ্ছে, ডুবন্ত শিশুকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিচ্ছে, তখন পুলিশকে বিতর্কিত করা উদ্দেশ্যপ্রণোদিত।