প্রকাশিত প্রতিবেদন নিয়ে বসুন্ধরার প্রতিবাদ ও প্রতিবেদকের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঢাকার বাইরে গড়ে উঠছে আবাসন প্রকল্প, দেখার কেউ নেই’ শিরোনামে গত ২৩ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছে বসুন্ধরা গ্রুপ। প্রতিবাদপত্রে বলা হয়, ‘প্রতিবেদনে কল্পনাপ্রসূত তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বসুন্ধরার মৌচাক আবাসান প্রকল্পকে জড়ানো হয়েছে।’বসুন্ধরা গ্রুপের তথ্য ও গণমাধ্যম বিভাগের সহকারী মহাব্যবস্থাপক হাফিজ ইমাম ইনামের সই করা প্রতিবাদপত্রে বলা হয়, প্রতিবেদনে বিদ্বেষমূলকভাবে রাজউকের সীমানাবহির্ভূত বসুন্ধরার মৌচাক আবাসন প্রকল্পের জন্য রাজউকের অনুমোদন প্রয়োজনীয় বলে দাবি করা হয়েছে। অথচ রাজউকের চেয়ারম্যান নুরুল হুদা ও প্রধান নগর পরিকল্পনাবিদ জহুরুল হক বসুন্ধরার মৌচাক আবাসন প্রকল্পের জন্য তাঁদের অনুমোদন অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন।প্রতিবাদপত্রে আরও বলা হয়, প্রতিবেদনে প্রকল্প পরিচালক হিসেবে নূরে আলম সিদ্দিকীর উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে, এই প্রকল্পের অনুমোদনের জন্য রাজউকের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু বসুন্ধরা-মৌচাক আবাসন প্রকল্পে এই নামে কোনো পদ নেই। এই নামে প্রকল্পের মাঠপর্যায়ে একজন তত্ত্বাবধায়ক রয়েছেন, যাঁর সঙ্গে কোনোভাবেই প্রতিবেদকের যোগাযোগ হয়নি।প্রতিবেদকের জবাব: প্রতিবেদনটি কল্পনাপ্রসূত বা উদ্দেশ্যপ্রণোদিত নয়। বসুন্ধরার ওই প্রকল্পের কর্মকর্তা নূরে আলম সিদ্দিকীই বলেছেন যে রাজউকের কাছে প্রকল্পটির অনুমোদন চাওয়া হয়েছে।এ ছাড়া মৌচাক প্রকল্পের আদৌ সরকারের কোনো অনুমোদন আছে কি না, থাকলে সেটি কোন সংস্থার, তার কোনো উল্লেখ বসুন্ধরার প্রতিবাদপত্রে নেই।এ ছাড়া মৌচাক আবাসন প্রকল্প এলাকায় কর্মরত ব্যক্তিরা নূরে আলম সিদ্দিকীর পদ ‘প্রকল্প পরিচালক’ বলে জানিয়েছিলেন। পরে নূরে আলম সিদ্দিকীর মুঠোফোনে এই প্রতিবেদক যোগাযোগ করলে তিনিও নিজের এই পদবির কথা অস্বীকার করেননি। এখানে উল্লেখ্য, বসুন্ধরা-মৌচাক আবাসন প্রকল্প এলাকায় সরকারি জমি দখলের দায়ে সরকার বাদী হয়ে গত ১৪ মে নূরে আলম সিদ্দিকীসহ চারজনের বিরুদ্ধে মামলাও করেছে।