গত ২৬ মার্চ প্রথম আলোর ৯ পৃষ্ঠায় ‘বিভেদের রেখা থেকেই গেল, ফরিদপুর জেলা আ.লীগ’ শীর্ষক প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সুবল চন্দ্র সাহা।
তিনি বলেন, ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, সৈয়দ আশরাফুল ইসলাম সভাপতি হিসেবে সুবল সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ মাসুদ হোসেনের নাম ঘোষণা করেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সম্মেলন মাঠে উপস্থিত বেশ কিছু কর্মী ‘মানি না’, ‘মানি না’ ধ্বনি দিতে দিতে চেয়ার ছোড়াছুড়ি করে সম্মেলনস্থল ত্যাগ করেন। এই লেখাটি যথার্থ হয়নি।
‘ওই সভায় আমার নাম ঘোষণার সময় কেউ প্রতিবাদ করেনি’—মন্তব্য করে সুবল চন্দ্র সাহা বলেন, ‘ওই দিন সৈয়দ আশরাফুল ইসলাম নেত্রীর রেফারেন্স দিয়ে বলেছিলেন, সভাপতি হিসেবে সুবল চন্দ্র সাহা, তখন হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করা হয়েছে। তারপর তিনি বলেছেন সৈয়দ মাসুদের নাম। মাসুদের নাম বলার সময় কেউ হাততালি দেননি। বরং এর পরপরই তাঁরা সভাস্থল ত্যাগ করেছেন, এটা দৃষ্টিকটু হয়েছে, কিন্তু চেয়ার ছোড়াছুড়ি হয়নি।’