প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
গত ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘দুর্নীতি-অনিয়মের অভিযোগ: ওয়াসা চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা ওয়াসার চেয়ারম্যান গোলাম মোস্তফা। প্রতিবাদপত্রে তিনি বলেছেন, প্রতিবেদনে তাঁর কথিত দুর্নীতি, সম্পদ অর্জন ও তাঁর বিরুদ্ধে মন্ত্রণালয়ের নেওয়া কথিত ব্যবস্থাগুলোর সবই অসত্য, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং ওয়াসার দুর্নীতিবাজ একটি চক্রের স্বার্থসিদ্ধির প্রয়াস মাত্র। দুর্নীতিবাজ চক্রটি এক বছর আগে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দুদকে বেনামে দাখিল করেছিল। দুদক তদন্তে তার কোনো সত্যতা মেলেনি। প্রতিবেদনে উল্লিখিত জমি, ফ্ল্যাট বা অর্থ কোনোটিরই মালিক তিনি নন।প্রতিবেদকের বক্তব্য: দুদকে দাখিল করা অভিযোগ, ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওয়াসা চেয়ারম্যানকে দেওয়া দুদকের চিঠি, বিশ্বব্যাংকের চিঠি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠির ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি করা হয়। এতে দুদক চেয়ারম্যান গোলাম রহমান ও ওয়াসার চেয়ারম্যানের বক্তব্যও ছিল। ওই বিষয়ে তদন্তের সর্বশেষ অবস্থা জানতে চাইলে গতকাল সোমবার দুদকের চেয়ারম্যান প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘ওই তদন্তের বিষয়ে কমিশন এখনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।’