প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও বক্তব্য
‘কাজ না করেই টাকা উত্তোলন’ শীর্ষক ১২ ডিসেম্বর প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করেছেন পদ্মা সেতু প্রকল্পের পরিচালক।প্রতিবাদলিপিতে বলা হয়েছে, প্রতিবেদনটি অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর। নকশা প্রণয়নে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান মনসেল এইকম এ পর্যন্ত শতভাগ নয়, চুক্তির ৬৭ শতাংশ টাকা উঠিয়ে নিয়েছে। সরকার, উন্নয়ন-সহযোগী ও বিশেষজ্ঞ প্যানেলের চাহিদামতো পরামর্শক প্রতিষ্ঠান চুক্তির বাইরে কাজ করতে কখনো অনীহা প্রকাশ করেনি।প্রতিবাদপত্রে আরও বলা হয়, এক্সিলারেটেড কার্যক্রমের আওতায় ২ ডিসেম্বর পরামর্শক প্রতিষ্ঠান মূল সেতুর নকশার প্রত্যয়নপত্র জমা দিয়েছে। এর আগে তারা বিভিন্ন দরপত্র দলিল তৈরি, প্রকল্পের বিভিন্ন অংশের নকশা জমা দিয়েছে। প্রতিবাদপত্রে পরামর্শক প্রতিষ্ঠানটিকে ২০১০ সালের বিশ্বসেরা উল্লেখ করে বলা হয়, এরা সব সময়ই সরকার, বিশেষজ্ঞ প্যানেল ও উন্নয়ন-সহযোগীদের চাহিদা অনুযায়ী নকশা কার্যক্রমের পরিমার্জিত সংস্করণ তৎপরতার সঙ্গে জমা দিয়েছে। প্রতিবেদকের বক্তব্য: সেতু বিভাগের সচিব গত ১১ নভেম্বর প্রকল্প পরিচালককে নকশা প্রণয়ন-সংক্রান্ত অগ্রগতি ও অর্থ ব্যয়ের ব্যাখ্যা চেয়ে একটি চিঠি দিয়েছিলেন। এতেই পরামর্শক প্রতিষ্ঠান শতভাগ টাকা উঠিয়ে নিয়েছে বলে উল্লেখ রয়েছে।এক্সিলারেটেড কর্মসূচি অনুযায়ী, সব কাজ ১৬ মাসে অর্থাৎ গত মে মাসের মধ্যে সম্পন্ন করার কথা। কিন্তু পরামর্শক প্রতিষ্ঠান মূল সেতুর নকশার প্রত্যয়নপত্র জমা দিয়েছে ২ ডিসেম্বর। নদী শাসনের নকশার প্রত্যয়নপত্র এখনো জমা দেয়নি। এ ছাড়া পরামর্শক প্রতিষ্ঠান মে মাসের মধ্যে কাজ শেষ করতে পারেনি। আবার বাড়তি কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান আরও ৭০ কোটি টাকা দাবি করলেও প্রতিবাদপত্রে তার উল্লেখ নেই।