প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের
১৭ অক্টোবর প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘সৌদি আরবে জনশক্তি রপ্তানি: খরচ দেখানো হয় ১৭ হাজার টাকা, দিতে হয় ১২ লাখ’ শীর্ষক সংবাদের ব্যাখ্যা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
ব্যাখায় বলা হয়েছে, নিয়োগ অনুমতির জন্য মন্ত্রণালয়ে অতিরিক্ত টাকা প্রদান ও অনিয়ম বন্ধের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমন কথা ঠিক না। বরং অভিবাসন ব্যয় কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ও মনিটরিং শাখা নানা কার্যক্রম নিয়েছে। এর ফলে বিদেশে কর্মসংস্থান বেড়েছে।
ব্যাখায় বলা হয়, ২০১৬ সালে এখন পর্যন্ত ৫ লাখ ৭২ হাজার ৪৯০ জন কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে, যা ২০১৫ সালের চেয়ে বেশি। এ ছাড়া অভিবাসন খরচ কমানো, দক্ষ লোক পাঠানো ও নতুন নতুন শ্রমবাজারে কর্মী প্রেরণের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী সব খাতে কর্মী যেতে শুরু করেছে।