প্রকাশিত সংবাদ নিয়ে চট্টগ্রাম বন্দরের ব্যাখ্যা
প্রথম আলোতে ৮ মে শেষ পৃষ্ঠায় ‘বেশি দামে অকার্যকর যন্ত্র কিনছে বন্দর’ এবং ৩০ মে শেষ পৃষ্ঠায় ‘নয় কোটি টাকার খননযন্ত্র ২০ কোটিতে কিনছে বন্দর’ শীর্ষক প্রতিবেদন দুটির বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বক্তব্য দিয়েছে৷
বন্দরের বক্তব্যে যন্ত্রটি কেনার ১৪টি প্রয়োজনীয়তা তুলে ধরে বলা হয়, এর মাধ্যমে জেটিমুখ, বন্দরের স্লিপওয়ে ও কর্ণফুলী নদীর সংযুক্ত খালে খননকাজের মাধ্যমে নদীর প্রবাহ বৃদ্ধি করা যাবে৷ একইভাবে কচুরিপানা, পলিথিনসহ নানা ময়লা-আবর্জনা পরিষ্কার, নদীরপাড় বাঁধানোর কার্যক্রম পরিচালনা করা যাবে৷ এ কারণে বন্দর অকার্যকর যন্ত্র ক্রয় করছে—এ বক্তব্যটি সঠিক নয়৷ গণখাতে ক্রয়বিধি অনুযায়ী সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ প্রদান করা হয়েছে৷ তাই যন্ত্রটির দাম বেশি, এই উক্তিটি সঠিক নয়।
বন্দর কর্তৃপক্ষ মনে করে, প্রতিবেদক কোনো স্বার্থান্বেষী মহলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যে প্রতিবেদন দিয়েছেন, তা সঠিক নয়৷
প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত দুটি প্রতিবেদনেই বন্দরের বক্তব্য তুলে ধরা হয়েছে৷ যন্ত্রটি দিয়ে কোনো কাজ করানো যাবে না, সেটি প্রতিবেদনে বলা হয়নি৷ শুধু বন্দরের জেটিমুখে এই যন্ত্রটি দিয়ে খননকাজ কার্যকর হবে না, তা তথ্যসহ তুলে ধরা হয়েছে৷ গণখাতে ক্রয়বিধি অনুযায়ী সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ার কথাও প্রতিবেদনে বলা হয়েছে।
দ্বিতীয় প্রতিবেদনে যন্ত্রটির প্রস্তুতকারক কোম্পানির দর এবং অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের একটি দরপত্রে জমা দর তুলে ধরা হয়েছে৷ এ-সংক্রান্ত তথ্য-প্রমাণ প্রথম আলোর হাতে রয়েছে৷ এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি বন্দর৷