প্রকাশিত সংবাদ নিয়ে পুলিশের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ অভিযান নিয়ে গতকাল শনিবার প্রথম আলোতে প্রকাশিত ‘বিশেষত্ব হারিয়েছে বিশেষ অভিযান’ শিরোনামের প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
গতকাল পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, জঙ্গিবাদবিরোধী বিশেষ অভিযান বিশেষত্ব হারিয়েছে—এ কথা ঠিক নয়। বরং বিশেষ অভিযান বিশেষত্ব বজায় রেখেই সঠিক ও সফলভাবে শেষ হয়েছে। জঙ্গিবিরোধী এ বিশেষ অভিযানে পুরস্কারঘোষিত জঙ্গি, হত্যা ও অন্যান্য সন্ত্রাসী ঘটনার সন্দেহভাজন আসামি, নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যসহ ১৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্য ও জঙ্গিসংক্রান্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এ বিশেষ অভিযানকে জঙ্গি গ্রেপ্তারের বিবেচনায় পুলিশ সদর দপ্তর একটি সফল অভিযান মনে করে। এ অভিযানে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদকের ব্যাখ্যা: পুলিশ সদর দপ্তরের কর্মকর্তা ও অন্যদের সঙ্গে কথা বলেই প্রতিবেদনটি করা হয়েছিল। প্রতিবেদনে পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, তাঁরা অভিযানটিকে সফল মনে করছেন। আবার মানবাধিকারকর্মী ও বিশ্লেষকেরা বলেছেন, জঙ্গিদের ধরার যে লক্ষ্য নিয়ে অভিযান পরিচালিত হয়েছিল, তা সফল হয়নি। উভয় পক্ষের বক্তব্যই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।