প্রকাশিত সংবাদ নিয়ে মন্ত্রণালয়ের ব্যাখ্যা
‘বিধি লঙ্ঘন করে ভোট প্রার্থনা—নিজের জন্য নাছির, নাছিরের জন্য মন্ত্রী’ শিরোনামে গতকাল প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা পাঠিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, প্রকাশিত সংবাদটি তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ নয়। ব্যাখ্যায় দাবি করা হয়েছে, চট্টগ্রামের হালিশহরের অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিনের পক্ষে ভোট প্রার্থনা করেননি। সাবেক মেয়রের ব্যর্থতা নিয়ে এবং নাছির নির্বাচিত হলে আগামী দুই বছরের মধ্যে চট্টগ্রাম নগর থেকে জলাবদ্ধতা দূর করা হবে—এমন বক্তব্য দেননি। এতে বলা হয়েছে, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অন্যের কাছ থেকে শুনে নির্বাচনী আচরণবিধির মতো অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে সংবাদ প্রকাশ করা কতটুকু দায়িত্বশীলতার মধ্যে পড়ে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: সাংবাদিকতার নিয়মনীতি মেনেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে হালিশহরের ওই অনুষ্ঠানের অন্যতম একজন আয়োজকের বক্তব্য রয়েছে। তাঁর বক্তব্যে মন্ত্রী কী বলেছেন তা উল্লেখ করা হয়েছে। তিনি নিজেও ওই অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। এ ছাড়া ‘চট্টগ্রামস্থ সন্দীপবাসী’ আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। পুরো অনুষ্ঠানের ছবিও প্রথম আলোর কাছে রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে এবং বক্তব্য যাচাই-বাছাই করে প্রতিবেদন প্রকাশ করা সাংবাদিকতার প্রতিষ্ঠিত রীতি।