প্রকাশিত সংবাদ প্রসঙ্গে
২১ মে প্রথম আলোর ৫-এর পাতায় ‘অত্যাধুনিক কল কিনে বিপাকে কৃষক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন এসিআই মোটরস লিমিটেডের সহকারী পণ্য ব্যবস্থাপক তুষার কান্তি সাহা। তিনি দাবি করেন, এসিআই ৩০০টি পুরাতন ‘কম্বাইন্ড হারভেস্টার’ আমদানি করেনি, করেছে ২৫টি রিকন্ডিশন্ড মেশিন। এ ছাড়া মো. আরিফুর রহমান খান নামে তাঁদের কোনো প্রধান সমন্বয়ক নেই। যিনি আছেন, তিনি একজন প্রকৌশলী। এসিআই মোটরসের দাবি, ওই ব্যক্তির বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক শেখ মো. নাজিম উদ্দিন এক বক্তব্যে জানান, প্রকাশিত প্রতিবেদনে খোরশেদ আলমকে দেওয়া মেশিনটি ফেরত নেওয়া হয়েছে এবং তাঁর সব অর্থ পরিশোধ করা হয়েছে। এই মেশিন চালাতে দক্ষ চালক ও মেকানিক আবশ্যক। এ জাতীয় কার্যক্রমের সুবিধা পেতে দুই-তিন বছর অপেক্ষা করতে হবে বলে তিনি মনে করেন।