প্রকাশিত সংবাদ প্রসঙ্গে আইন কমিশনের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ মে প্রথম আলোর প্রথম পাতায় ‘প্রেস কাউন্সিল আইন সংশোধন হচ্ছে: পত্রিকার প্রকাশনা সর্বোচ্চ ৩০ দিন বন্ধ রাখার সুপারিশ!’ শীর্ষক সংবাদ প্রসঙ্গে আইন কমিশন একটি ব্যাখ্যা দিয়েছে। কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেদনটিতে উল্লিখিত বক্তব্যের কিছু অংশ কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং বিভ্রান্তিকর।
এতে আরও বলা হয়, বাংলাদেশ প্রেস কাউন্সিল আইনের একটি সংশোধনীর খসড়ায় ৭ ফেব্রুয়ারি আইন কমিশনের মতামত চাওয়া হয়েছিল। সংশোধনীতে প্রস্তাব করা হয়েছিল প্রকাশক, সম্পাদক ও কর্মরত সাংবাদিকদের কৃত মানহানি-সংক্রান্ত অপরাধের বিচার বাংলাদেশ প্রেস কাউন্সিল করবে। প্রেস কাউন্সিলের আদেশ অবমাননা-সংক্রান্ত বিধান মূল প্রেস কাউন্সিল আইনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয় ওই খসড়ায়। অর্থাৎ কাউন্সিলের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেরিয়াল পাওয়ার এবং আদালত অবমাননার বিচারের ক্ষমতা কাউন্সিলের আইনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছিল।
কমিশন কাউন্সিলের এ প্রস্তাবের সঙ্গে একমত হতে পারেনি। কারণ, এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদে বর্ণিত ‘আইনের দৃষ্টিতে সমতা’ ও ৩১ অনুচ্ছেদে বর্ণিত ‘আইনের আশ্রয় লাভের অধিকার’—এ দুটি মৌলিক অধিকারের লঙ্ঘন হওয়ার আশঙ্কা থাকে। একইভাবে আদালত অবমাননা শব্দটি একান্তভাবে আদালতের সঙ্গে সংশ্লিষ্ট। ১৯২৬ সালের আদালত অবমাননার আইনে জেলা পর্যায়ে আদালত অবমাননার বিচার কেবল উচ্চ আদালত করতে পারেন। প্রেস কাউন্সিল একটি অতিগুরুত্বপূর্ণ মর্যাদাশীল জাতীয় প্রতিষ্ঠান হলেও এটি আদালত নয়। ফলে আদালত অবমাননার বিধানাবলি বাংলাদেশ প্রেস কাউন্সিল আইনে অন্তর্ভুক্ত করা আইনসম্মত নয়। এই পরিপ্রেক্ষিতে কমিশন সংগত কারণেই কাউন্সিলের প্রস্তাবের সঙ্গে একমত হতে পারেনি।
তবে শৃঙ্খলা রক্ষার্থে ও প্রেস কাউন্সিলের আদেশ পালনে বাধ্য করতে কাউন্সিলের আদেশ অমান্য করার ক্ষেত্রে জরিমানাসহ সংশ্লিষ্ট সংবাদপত্র বা সংবাদ সংস্থাকে সর্বশেষ পন্থা হিসেবে একেবারেই সাময়িকভাবে বন্ধ রাখার ক্ষমতা বাংলাদেশ প্রেস কাউন্সিলকে প্রদানের বিধান প্রেস কাউন্সিল আইনে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে আইন কমিশন। তবে আইন কমিশন সাংবাদিকদের কর্মচ্যুতি বা বেকার করে দেওয়ার কোনো সুপারিশ করেনি। বরং আইন কমিশন মনে করে, সংবাদপত্র সাময়িক বন্ধ হলেও সাংবাদিকদের বেতন ও সুবিধাদি বন্ধ করার কোনো সুযোগ নেই। তা ছাড়া বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন কমিশনের কোনো সুপারিশ মানতে একেবারেই বাধ্য নয়।
প্রতিবেদকের বক্তব্য: আইন কমিশনের এ ব্যাখ্যায় প্রথম আলোর প্রতিবেদনের বিষয়বস্তু বা কোনো তথ্যের সঙ্গে দ্বিমত লক্ষ করা যাচ্ছে না। প্রেস কাউন্সিল আইনের সংশোধনীর খসড়া বিষয়ে কমিশন তাদের মতামতের পটভূমি এখানে ব্যাখ্যা করেছে মাত্র।