প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা
প্রথম আলোতে ২৪ মে প্রকাশিত ‘জব্দ করা গাড়ি ব্যবহারের অনুমতি পেয়েছে পুলিশ’ শীর্ষক প্রতিবেদনটির বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ব্যাখ্যায় বলা হয়েছে, ৩৭টি যানবাহন সরকারি কাজে সীমিত সময়ের জন্য সচল রাখার শর্তে ব্যবহারের অনুমতি দিয়েছেন আদালত। ৩৭টি যানবাহনের মধ্যে ৩৩টি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হিসেবে সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ হয়েছে। অপর ৪টি গাড়ি মামলার আলামত হিসেবে জব্দ করা হলেও কোনো মালিক আসেনি। গাড়িগুলোর ইঞ্জিন বা চেসিস নম্বর ঘষামাজা থাকার কারণে ভবিষ্যতেও এগুলোর দাবিদার পাওয়ার সম্ভাবনা কম। ৩৭টি গাড়ির ১৯টি এত পুরোনো এবং জরাজীর্ণ যে, তা সচল করার সুযোগ নেই। বাকি ১৮টি গাড়ি পুলিশ সাময়িক ও সীমিতভাবে ব্যবহার করলে সেগুলো ব্যবহার-উপযোগী থাকবে। আর পুলিশ কর্তৃক সাময়িকভাবে ব্যবহৃত গাড়ির কোনো প্রকৃত মালিকানা কেউ দাবি করলে তা সংশ্লিষ্ট আদালতের অনুমতি নিয়ে ফেরত দিতে কোনো সমস্যা নেই। বিজ্ঞপ্তি।