প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বিজিবির বক্তব্য
বিডিআর বিদ্রোহের সময় নিহত সুবেদার মেজর নুরুল ইসলামকে নিয়ে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির মহাপরিচালকের পক্ষে জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত সোমবার উল্লেখ করা হয়, লক্ষ্মীপুরের রামগতির শহীদ সুবেদার মেজর নুরুল ইসলামের পরিবারকে তৎকালীন মহাপরিচালকের পক্ষ থেকে ২০০৯ সালের ২০ আগস্ট এক লাখ টাকার আর্থিক অনুদানের চেক দেওয়া হয়। ২০১০ সালের ৫ মে মহাপরিচালকের কার্যালয়ে বিডিআরের পক্ষ থেকে অনুদান হিসেবে দেওয়া হয় ১০ লাখ টাকা (চেক)। ওই অনুদানের অর্থ স্থায়ী আমানত (এফডিআর) হিসেবে রেখে দেওয়া হয়; যাতে শহীদ পরিবারটির ভরণ-পোষণের ব্যবস্থা নিশ্চিত হয়।পরবর্তী সময়ে বাহিনীর তহবিল থেকে শহীদ পরিবারটিকে দুই লাখ টাকার ঋণ দেওয়া হয়। বিজিবির বর্তমান মহাপরিচালক পরিবারটির আর্থিক অবস্থা বিবেচনা করে ওই ঋণ সম্পূর্ণ মওকুফ করেন।এ ছাড়া একটি বেসরকারি ব্যাংকে শহীদ সুবেদার মেজর নুরুল ইসলামের একমাত্র ছেলে আশরাফুল ইসলামের চাকরির ব্যবস্থা করা হয়। পরিবারটিকে বিশেষ বিবেচনায় রেশন-সুবিধাও নিয়মিতভাবে দেওয়া হচ্ছে। একই সঙ্গে বর্ডার গার্ড হাসপাতাল থেকে শহীদের পরিবারের সব সদস্যকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।