প্রকাশিত সংবাদ প্রসঙ্গে মুহাম্মদ ইউনূসের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় গত শনিবার প্রকাশিত ‘জার্মানিতে ড. ইউনূস: সামাজিক ব্যবসায়ীরা কর মওকুফের সুবিধা নিতে পারবেন না’ শিরোনামের খবরের প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি বলেছেন, বার্তা সংস্থা ইউএনবি পরিবেশিত ‘প্রফেসর ইউনূস ইজ এগেইনস্ট গভার্নমেন্টস ইন সোশ্যাল বিজনেস’ শিরোনামের ওই খবরে তাঁর বক্তব্য যথাযথভাবে প্রকাশিত হয়নি।মুহাম্মদ ইউনূস বলেন, ‘ওই প্রতিবেদনে সরকারের ভূমিকা সম্পর্কে যে চিত্র তুলে ধরা হয়েছে, আমার অবস্থান তার থেকে পুরোপুরি ভিন্ন। আমি সব সময় বলে আসছি, শুধু সামাজিক ব্যবসার সুযোগ সৃষ্টির ক্ষেত্রে নয়, বরং সামাজিক ব্যবসা পরিচালনা ও তা বেড়ে ওঠার অনুকূল পরিবেশ সৃষ্টির ক্ষেত্রেও সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’মুহাম্মদ ইউনূস বলেন, প্রতিটি দেশের সরকার তাদের প্রচলিত কর্মসূচির পাশাপাশি বিভিন্ন উপায়ে সামাজিক ব্যবসার উদ্যোগ বাস্তবায়ন করতে পারে। এই বিষয়টি দেখভালের জন্য সরকারই বিশ্বস্ত প্রতিষ্ঠান। কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো, নারী ও বৃদ্ধদের চাহিদা পূরণ, বাস্তুহারাদের বাসস্থানের ব্যবস্থা করা ইত্যাদি বিষয়ে সামাজিক ব্যবসা স্থাপন করতে পারে সরকার। এ ক্ষেত্রে সরকারের ভূমিকা উপেক্ষা করার সুযোগ নেই।ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন নগর, অঞ্চল ও দেশে সেখানকার সরকারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সামাজিক ব্যবসা স্থপনের কাজ করছে ইউনূস সেন্টার। বিজ্ঞপ্তি।