প্রকাশিত সংবাদ বিষয়ে প্রাইম ব্যাংকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রাইম ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু’ শিরোনামে গত সোমবার প্রথম আলোতে প্রকাশিত সংবাদের বিষয়ে বক্তব্য দিয়েছে প্রাইম ব্যাংক। গত মঙ্গলবার ব্যাংকটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান জনসংযোগ কর্মকর্তা ফেরদৌসী সুলতানা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ব্যাংকের টাকা আত্মসাতের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এতে বলা হয়, ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের মাধ্যমে তদন্তের সময় অনিয়ম উদ্ঘাটন হয়। এ অনিয়মে অর্থ আত্মসাতের অভিযোগে জড়িত ব্যাংক কর্মকর্তা ও ফ্যাসিলিটি কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তী সময়ে ওই সব কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়, যা বর্তমানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তাধীন। এ ছাড়া আত্মসাৎ করা টাকা আদায়ের লক্ষ্যে আদালতে মামলা করার জন্য ব্যাংকের প্যানেলভুক্ত আইনজীবীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, দুদক এ বিষয়ে জানতে চেয়েছে। কিন্তু ব্যবস্থাপনা পরিচালকের বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি।