প্রকাশিত সংবাদ সম্পর্কে কোস্টগার্ডের ব্যাখ্যা
১৯ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত ‘সাগরে গেছে কয়েক শ ট্রলার, নিষেধাজ্ঞা না মেনে ইলিশ নিধন’ শীর্ষক প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের দক্ষিণাঞ্চলীয় ঘাঁটির কমান্ডারের পক্ষে লেফটেন্যান্ট এ এন এম রাকিব উল হাসানের পাঠানো ওই ব্যাখ্যায় বলা হয়, ১৪ অক্টোবর বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট এলাকায় কোস্টগার্ড ক্যাম্পের সামনের খাল থেকে ১০০-১৫০টি ট্রলার সাগরের উদ্দেশে ছেড়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে তদন্ত করে জানা গেছে, ঘূর্ণিঝড় ফাইলিনের কারণে ১২ অক্টোবর কিছু ট্রলার ফকিরহাটের সখিনা খালে আশ্রয় নিয়েছিল। তখন স্থানীয় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তারা ওই সব ট্রলারের মাঝিমাল্লাদের ১৩-২৩ অক্টোবরের নিষেধাজ্ঞার কথা সঞ্চরণ করিয়ে ট্রলারগুলোকে নিজ নিজ এলাকায় অবস্থানের নির্দেশনা দেন। ফলে ১৩ অক্টোবর সকালের পর ওই খালে কোনো ট্রলার ছিল না।