প্রকাশিত সংবাদ সম্পর্কে জিইএম কোম্পানির ব্যাখ্যা
প্রথম আলোতে গত ২০ ডিসেম্বর প্রকাশিত ‘পিডিবিতে ট্রান্সফরমার সরবরাহে মধ্যস্বত্বভোগী’ শীর্ষক সংবাদের বিভিন্ন অংশের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (জিইএম)। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (বিপণন) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলা হয়, সরকারি বিধি অনুযায়ী ইস্পাত ও প্রকৌশল সংস্থার নির্দেশে এবং জিইএম কোম্পানির ব্যবসায়ের স্বার্থেই পাঁচটি প্রতিষ্ঠানকে বিক্রয় প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। বুশিং ক্যাপ ও লাইটিং এরেস্টারের রড পিতলের পরিবর্তে লোহার দেওয়ার বিষয়ে দ্বিমত পোষণ করে বলা হয়, চুক্তিতে পিতলের এরেস্টার দেওয়ার নির্দেশনা নেই। ট্রান্সফরমারের তেলে ব্যবহূত থার্মোমিটার পানিনিরোধক নয় বলে যে তথ্য দেওয়া হয়, তার সঙ্গে দ্বিমত পোষণ করে বলা হয়, কখনো কখনো পরিবহনের সময় কাচের থার্মোমিটারটি ভেঙে যেতে পারে। এটি নতুন কোনো ঘটনা নয়। লিখিত বক্তব্যে আরও বলা হয়, জিইএম কোম্পানি একটি আইএসও ৯০০১: ২০০০ সনদ পাওয়া প্রতিষ্ঠান। এখানে উৎপাদিত সব পণ্যই উন্নত প্রযুক্তির ও যথাযথ মানসম্পন্ন হওয়ায় এ ধরনের অনিয়মের সুযোগ নেই।প্রতিবেদকের বক্তব্যজিইএম কোম্পানি যে প্রতিষ্ঠানকে বিক্রয় প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে, তারা কখনো পিডিবির আবার কখনো জিইএম কোম্পানির লোক বলে পরিচয় দেয়, বিক্রয় প্রতিনিধি হিসেবে নয়। বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বুশিং ক্যাপ ও লাইটিং এরেস্টার পিতলের দেওয়ার বিষয়টি পিডিবির চুক্তিতেই উল্লেখ আছে। এ জন্য ঈশ্বরদী ভান্ডারে জমা দেওয়া ট্রান্সফরমারগুলোর ওই সব যন্ত্রপাতি বদলেও দেওয়া হয়।