প্রকাশিত সংবাদ সম্পর্কে পিডিবির ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার প্রথম আলোতে প্রকাশিত ‘রি-পাওয়ারিং ঘোড়াশাল-৩, প্রশ্নবিদ্ধ দরপত্র অনুমোদন’ শীর্ষক প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে পিডিবি। ব্যাখ্যায় বলা হয়, পুনঃ দরপত্র জমাদানের জন্য পিপিআর ২০০৮-এ ২৮ দিন সময় ধার্য থাকলেও এ ক্ষেত্রে ৪৫ দিন দেওয়া হয়। এ সময়ে কোনো আগ্রহী প্রতিষ্ঠান সময় বাড়ানোর অনুরোধ করেনি। একটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিলেও দরপত্র মূল্যায়ন কমিটি সেটি করিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য বিবেচনা করে।
পরামর্শক প্রতিষ্ঠান ‘কেমা, দ্য নেদারল্যান্ডস’ রি-পাওয়ারিং’-এর মাধ্যমে ৪০৪ মেগাওয়াট উৎপাদনের জন্য প্রতি ইউনিটে ৬০৮ মার্কিন ডলার ব্যয় উল্লেখ করে। সুতরাং ঠিকাদার ৪১৬ মেগাওয়াটের জন্য প্রতি ইউনিটে যে ৬২৪ ডলার ব্যয় দেখিয়েছে, তা যুক্তিযুক্ত।
দরপত্রের শর্ত অনুযায়ী, রি-পাওয়ারিংয়ে ব্যবহূত পুরোনো যন্ত্রপাতিরও দুই বছরের নিশ্চয়তা ঠিকাদার দেবে। এসব যন্ত্রাংশ ঠিকাদারের ওয়ার্কশপে নিয়ে আবার ফিরিয়ে আনা হবে, বিধায় শুল্ক ও কর পরিশোধ প্রযোজ্য নয়। ঠিকাদারি প্রতিষ্ঠান বয়লার ও ট্রান্সফরমারের জন্য যে সনদ দিয়েছে, তা দুই বছরের বেশি সন্তোষজনকভাবে ব্যবহূত হয়েছে। মূল্যায়ন কমিটির কাছে তা গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে।
নেদারল্যান্ডসে রি-পাওয়ারিং করা বিদ্যুৎকেন্দ্র রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সে দেশের ‘ক্লজ সি কম্বাইন্ড সাইকেল’ বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনের জন্য পিডিবিকে আহ্বান করেছে।
প্রতিবেদকের বক্তব্য: একটি প্রতিষ্ঠানের দরপত্র প্রতিযোগিতা-মূলক হয় না বলে সরকারি ক্রয়ের ক্ষেত্রে তা গ্রহণযোগ্য নয়। কারিগরি কমিটির মূল্যায়নে গ্রহণযোগ্য হলেও একটি দরপত্রের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে অস্বচ্ছতার আশঙ্কা থাকে। পুনঃ দরপত্রের সময় বাড়াতে দুটি প্রতিষ্ঠান মৌখিকভাবে অনুরোধ করেও সাড়া পায়নি। পরামর্শক যে দাম সুপারিশ করেছে, সে অনুযায়ী দর প্রস্তাব করলেই যে ঠিকাদারের দর গ্রহণযোগ্য হবে এমন কোনো নিয়ম নেই। ঠিকাদার যখন বয়লারের সনদ দিয়েছে, তখন তার সন্তোষজনক ব্যবহারের দুই বছর পূর্ণ হয়নি।