প্রকাশিত সংবাদ সম্পর্কে সাংসদ মমতাজ বেগম ও শাহিদা তারেখের ব্যাখ্যা
গত বুধবার প্রথম আলোতে প্রকাশিত ‘মিথ্যা হলফনামা দিয়ে প্লট নিয়েছেন ১৮ সাংসদ’ শীর্ষক প্রতিবেদনের ‘অঢেল সম্পদ তবু পূর্বাচলে প্লট’ অংশের প্রতিবাদ করেছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ মমতাজ বেগম। প্রতিবাদপত্রে সাংসদ মমতাজ বেগম জানান, মেরুল বাড্ডায় তাঁর চার কাঠা জায়গার ওপর বাড়ি আছে এবং সেখানেই তিনি বসবাস করেন, এটা ঠিক। কিন্তু পূর্বাচলে তিনি কোনো প্লটের জন্য আবেদন করেননি এবং তাঁর নামে প্লট বরাদ্দ হয়নি।অন্যদিকে একই প্রতিবেদনের একাংশের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সরকারদলীয় সাংসদ শাহিদা তারেখ ওরফে দীপ্তি। এতে তিনি বলেছেন, ১২ মার্চ ২০০৯ সালে ঘোষিত হলফনামায় তিনি তাঁর স্বামীর নামে পাঁচ কাঠার বায়নাকৃত দেড় লাখ টাকার জমির কথা উল্লেখ করেছেন। কিন্তু জমিটি ঢাকায় নাকি অন্য কোথাও, সেটি তিনি হলফনামায় উল্লেখ করেননি। আর বায়না করা মানে জমির মালিক হওয়া নয়। ব্যাখ্যায় তিনি উল্লেখ করেন, এখনো তিনি বা তাঁর স্বামীর নামে জমিটি রেজিস্ট্রি হয়নি। তাই তাঁর স্বামী জমির মালিক, এটি বলার সুযোগ নেই।প্রতিবেদকের বক্তব্য: পূর্বাচলে সাংসদ মমতাজ বেগমের নামে প্লট বরাদ্দ হয়েছে, এটা ঠিক। কিন্তু তিনি মেরুল বাড্ডায় বসবাসকারী সাংসদ মমতাজ বেগম নন। প্লট বরাদ্দ হয়েছে সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ বেগমের নামে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।