প্রকাশিত সংবাদে বিএডিসির ব্যাখ্যা
প্রথম আলোয় গত ২৭ জুন ‘নদীকে খাল দেখিয়ে খনন কোটি টাকা লুট’ শীর্ষক প্রকাশিত সংবাদ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। সংস্থাটির প্রধান প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মো. আবুল কাশেম মিয়া স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়েছে, ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচসুবিধা দেওয়ার জন্য গাইবান্ধায় মানস ও আলাই খাল খননের কার্যক্রম হাতে নেওয়া হয়। একসময় এ দুটি পানিপ্রবাহ নদী হিসেবে পরিগণিত হলেও কালের আবর্তে পলি পড়ে ভরাট হয়ে সরু খালে পরিণত হয়েছে।নিয়মানুযায়ী সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে মানস খালের ১০ কিলোমিটার খননের জন্য ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ইতিমধ্যে সাত দশমিক এক কিলোমিটার খনন হয়ে গেছে। এ জন্য নিয়োজিত কয়েকটি ঠিকাদার প্রতিষ্ঠানকে ২৫ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে, যা মোট বরাদ্দের ৩৭ ভাগ। বাকি অর্থ আগামী শুষ্ক মৌসুমে খনন সাপেক্ষে পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই প্রকাশিত সংবাদে ৮০ ভাগ অর্থ পরিশোধের বিষয়টি সঠিক নয়। একইভাবে আলাই খালের পাঁচ কিলোমিটার খননের লক্ষ্যমাত্রার বিপরীতে পুরো কাজ শেষ হওয়ায় ৩১ লাখ ৩৮ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। আলাই খাল খননের কারণে ইতিমধ্যে ওই অঞ্চলের ৬০০ হেক্টর জমি সেচের আওতায় আনা হয়েছে। তাই সংবাদটি বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। ওই দুটি খাল খননের কাজ বাস্তবায়নে কোনো অনিয়মের ঘটনা ঘটেনি।