প্রকাশিত সংবাদে রাজউকের বক্তব্য
১১ জুলাই প্রথম আলোতে প্রকাশিত ‘পূর্বাচলে হাজার একর বনভূমি কেটে প্লট-ফ্ল্যাট হচ্ছে’ শীর্ষক সংবাদের ব্যাপারে বক্তব্য দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। পূর্বাচল নতুন শহর প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা রাজউকের সচিব সুশান্ত চাকমা স্বাক্ষরিত বক্তব্যে বলা হয়, পূর্বাচল প্রকল্পের পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) না থাকা ও অবাধে আম-কাঁঠাল-শাল গাছ নিধন এবং পরিবেশ বিনষ্ট করার যে সংবাদ পরিবেশিত হয়েছে, তা সঠিক তথ্যনির্ভর নয়।
পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য ২০০২ সালের ৪ জুলাই পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র দেওয়া হয়। এর ভিত্তিতে ভূমি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মতামত নিয়ে প্রকল্পের জন্য প্রায় ৬ হাজার ২২৭ দশমিক ২৮ একর ভূমি ও উপরিস্থিত ঘরবাড়ি/অবকাঠামো/গাছপালা অধিগ্রহণ করা হয়। ২০১০ সালে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) কমিটির সুপারিশ অনুযায়ী প্রকল্পটি সরকার অনুমোদন করে।
২০১০ সালের ১২ এপ্রিল পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র ছাড়া প্রকল্প বাস্তবায়নের অভিযোগ তুলে অবস্থানগত ছাড়পত্র গ্রহণে পরিবেশ অধিদপ্তর থেকে রাজউককে অনুরোধ করা হয়। এরপর রাজউক থেকে পরিবেশ অধিদপ্তরের কাছে আগের ছাড়পত্রের সূত্র ও জারির তারিখ উল্লেখ করে পরিবেশ অধিদপ্তরের আগের অবস্থানগত ছাড়পত্র নবায়নের জন্য এবং প্রকল্পের অনুকূলে পরিবেশ ছাড়পত্র দেওয়ার জন্য অনুরোধ করা হয়। এরপর কয়েক দফা অনুরোধের পর সর্বশেষ গত ২০ মার্চ পুনরায় অনুরোধ করা হয়।
রাজউক জানিয়েছে, হাইকোর্টের আদেশ অনুসারে সংরক্ষিত বনের বৃহদায়তন ছয়টি ব্লকে আরসিসি পিলার ও কাঁটাতারের বেষ্টনী নির্মাণ করা হয়েছে। এ ছাড়া জিন্দাপার্ক সংরক্ষণের ব্যবস্থা ও ইকোপার্ক নির্মাণ এবং প্রকল্পের বিভিন্ন সেক্টরে অনেক আয়তনের ড্রিম স্পেস ও পার্ক সৃজন করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য
পূর্বাচল নতুন শহর প্রকল্পের অধিগ্রহণ করা এলাকায় যে বৃক্ষ ছিল, তা রাজউক স্বীকার করে নিয়েছে। পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী, আবাসন প্রকল্পের জন্য পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) করা ও পরিবেশ ছাড়পত্র নিতে হয়। অবস্থানগত ছাড়পত্র নিয়ে শুধু প্রকল্পের জমি ক্রয় ও নকশা পরিকল্পনা করা যায়। প্রকল্পের অবকাঠামোগত কাজ করতে হলে ইআইএ করে তা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিতে হয়। এরপর ছাড়পত্র পেলে তবেই মূল অবকাঠামো নির্মাণ করা যায়।
আপিল বিভাগের রায়ে পূর্বাচল প্রকল্পের জন্য ইআইএ করা ও পরিবেশ ছাড়পত্র নেওয়ার নির্দেশ রয়েছে। এ ছাড়া পূর্বাচলের ভূমিরূপের কোনো পরিবর্তন না করার নির্দেশ দেওয়া হয়েছে।