তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাংবাদিকদের প্রকাশিত সংবাদে কখনো কখনো সরকার অসন্তুষ্ট হতে পারে। কিন্তু এটা হস্তক্ষেপ নয়। সরকার সব সময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।
গতকাল রোববার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে ‘পিআইবি-সোহেল সামাদ পুরস্কার-২০১৬’ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইনু এ কথা বলেন। তিনি বলেন, গণমাধ্যম উন্মুক্ত, বিকাশমান ও স্বাধীন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। সাংবাদিকেরা স্বাধীনভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমকে উন্মুক্ত করে দিয়েছেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকতার স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারিতা নয়। এর একটা নীতিনৈতিকতা রয়েছে। এর মূল্যবোধ রয়েছে। এর একটা মানবিক দিকও রয়েছে। সাংবাদিকতা পেশার স্বাধীনতার অপব্যাখ্যা দেওয়াও একধরনের অপরাধ।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকারের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার ও জঙ্গিবাদ দমনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। জঙ্গি দমনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকদের দায়িত্ব অপরিসীম। তাঁদের কাছে জনগণের যে প্রত্যাশা, তা পূরণে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে ‘রক্তবাণিজ্য’ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সিনিয়র প্রতিবেদক আরাফাতুর রহমানকে ‘পিআইবি-সোহেল সামাদ’ পুরস্কার দেওয়া হয়।
পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনারারি অধ্যাপক সাখাওয়াত আলী খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল এবং সোহেল সামাদের পরিবারের সদস্য আদনান সামাদ ও নিলুফা আহমেদ করিম অনুষ্ঠানে বক্তব্য দেন।