প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় গতকাল বৃহস্পতিবার ‘বিশেষ কর্মকর্তা পদে ছাত্রলীগের ১২ জন’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের প্রতিবাদলিপিতে বলা হয়, প্রতিবেদনের একাংশে উপাচার্যের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের চাকরি দিতে আমি বাধ্য।’ উপাচার্য মীজানুর রহমান প্রতিবেদকের কাছে এ ধরনের কোনো বক্তব্য দেননি। এই অংশটুকুর ভাষা প্রতিবেদক নিজের ইচ্ছেমতো, হীনস্বার্থ চরিতার্থ করার জন্য এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিবেশন করেছেন। বরং প্রতিবেদককে উপাচার্য বলেছেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবিরের কাউকে চাকরি দেওয়া হয় না, হবেও না।’

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রয়োজনে সব প্রক্রিয়া, বিধি অনুসরণ করেই নিয়োগ সম্পন্ন করা হয়। এ ক্ষেত্রে কেবল যোগ্যদেরই নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনে ইচ্ছেমতো কিছু লেখা হয়নি। মুঠোফোনে বক্তব্য দেওয়ার একপর্যায়ে উপাচার্য ওই মন্তব্য করেন। সে সময় ‘জামায়াত-শিবিরের কাউকে চাকরি দেওয়া হয় না, হবেও না’—এমন কথা তিনি বলেননি। এ বিষয়ে তথ্য-প্রমাণ আছে।