প্রকাশিত সংবাদের প্রতিবাদ
‘চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ফল স্থগিত’ শিরোনামে প্রথম আলোয় গত সোমবার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। প্রতিবাদে অধ্যক্ষ বলেন, ‘আমার জানামতে, প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ ও সত্য নয়। প্রকৃত সত্য হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত জানুয়ারি ২০১২-এর চূড়ান্ত এমবিবিএস পরীক্ষার ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তাই অপ্রকাশিত ফলাফলকে স্থগিত বলার কোনো যৌক্তিক কারণ নেই।’ প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের ফলাফল প্রকাশের ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে। এ কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক এম এ গফুর এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনের দপ্তর এমবিবিএস চূড়ান্ত বর্ষের ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছে। এমবিবিএস পরীক্ষার চূড়ান্ত বর্ষের ফলাফল হাতে পেয়েছেন বলে স্বীকার করেছেন খোদ চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।