প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৯ জানুয়ারি প্রথম আলোয় ‘স্টেশনমাস্টারকে অব্যাহতি, বদরগঞ্জে অবৈধভাবে রেলওয়ের জমি বুঝিয়ে দিলেন কানুনগো’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন রংপুর জজ আদালতের আইনজীবী মোকাম্মেল হক চৌধুরী। তিনি দাবি করেন, তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য প্রতিবেদনটি ছাপা হয়েছে। সংবাদে রেলের উল্লিখিত যে জায়গা পার্বতীপুর রেলস্টেশনের কানুনগো আবদুল কাদের তাঁকে অবৈধভাবে বুঝিয়ে দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে, প্রকৃতপক্ষে সেই জায়গা তিনি ইজারা নিয়েছেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তীর নির্দেশে কানুনগো গত ২৭ জানুয়ারি ওই জমির সীমানা পরিমাপ করে তাঁকে বুঝিয়ে দিয়েছেন। এ ছাড়া বদরগঞ্জ রেলস্টেশনের মুসাফিরখানার প্রাচীর তিনি ভাঙেননি। তিনি আরও দাবি করেন, ওই প্রতিবেদনে তাঁর উদ্ধৃতি দিয়ে যে বক্তব্য ছাপা হয়েছে সে বক্তব্য তিনি দেননি।