প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিভিন্ন আইজিডব্লিউ প্রতিষ্ঠানের বকেয়া নিয়ে প্রথম আলোয় গত বৃহস্পতিবার প্রকাশিত ‘সরকারের টাকা মেরে খাচ্ছে মন্ত্রী-সাংসদদের ৯ প্রতিষ্ঠান’ শীর্ষক সংবাদের নিজের অংশের প্রতিবাদ করেছেন ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ। তিনি দাবি করেছেন, হামিদ সোর্সিং লিমিটেডের সঙ্গে তিনি ও ইন্তেখাবুল হামিদের কোনো সংশ্লিষ্টতা নেই। এ ছাড়া আইজিডব্লিউ প্রতিষ্ঠান বিজিটেল ও ডিবিএল টেলিকম থেকে পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়েছে, বিটিআরসিতে তাঁদের কোনো বকেয়া নেই।
প্রতিবেদকের বক্তব্য: হামিদ সোর্সিংকে ২০১২ সালে দেওয়া আইজিডব্লিউ লাইসেন্সটিতে সাংসদ নসরুল হামিদ ও তাঁর ভাই ইন্তেখাবুল হামিদের নাম আছে। যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় থেকে প্রাপ্ত নথিতেও তাঁদের নাম আছে। তবে সর্বশেষ তথ্যে দেখা গেছে, তাঁরা মালিকানা থেকে সরে এসেছেন।
গত বৃহস্পতিবার বিটিআরসি জানিয়েছে, আইজিডব্লিউ প্রতিষ্ঠান বিজিটেল ও ডিবিএল টেলিকমের বকেয়া পরিশোধ করা হয়েছে।