প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোর ৫-এর পাতায় গতকাল সোমবার ‘শিক্ষক নিয়োগে নীতিমালা লঙ্ঘন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, সংবাদটি যথাযথ তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ নয়। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের চাপের মুখে পছন্দের প্রার্থী নিয়োগের অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত নীতিমালার আলোকে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে নীতিমালার কোনো লঙ্ঘন ঘটেনি। বাছাই বোর্ডের সব সদস্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান (বিএমবি) বিভাগের নিয়োগ বোর্ডের সভা হয়। প্রতিবাদে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়টি সিন্ডিকেট সভা নির্ধারণ করে। যেকোনো নীতিমালা সংস্কার ও সংশোধন করার কর্তৃত্ব সিন্ডিকেট সভার। সম্প্রতি পুরোনো পদ্ধতিতে বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রদত্ত বিভাগ বা শ্রেণী এবং নতুন গ্রেডিং পদ্ধতিতে প্রদত্ত জিপিএর সমতা নির্ধারণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কিছুটা পরিবর্তন এসেছে। প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে ন্যূনতম জিপিএ-৪-এর চাহিদার স্থলে উভয় ক্ষেত্রে জিপিএ-৩ দশমিক ৫০ করা হয়েছে। সংবাদে উল্লিখিত প্রার্থীর এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রাপ্ত জিপিএ যথাক্রমে ৩ দশমিক ৭৫ ও ৩ দশমিক ৯০। ফলে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ সঠিক নয়।