প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ ডিসেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘ফুলে-ফেঁপে উঠেছে সম্পদ’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে বক্তব্য দিয়েছে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের দপ্তর। সেখানে বলা হয়েছে, মন্ত্রী ও তাঁর স্ত্রীর সম্পদের যে বিবরণ দেওয়া হয়েছে, তা সঠিক নয়। কিছু তথ্য অতিরঞ্জিত আকারে প্রকাশ করে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।
বক্তব্যে বলা হয়, মন্ত্রী ও তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় চার কোটি টাকা। এর মধ্যে রাঙ্গুনিয়ায় মন্ত্রীর পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত এনএনকে ফাউন্ডেশনের নামে এক কোটি ৭৮ লাখ টাকায় কেনা একটি জমিও আছে।
২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মন্ত্রীর বাবা মারা যাওয়ার পর তিনি উত্তরাধিকারসূত্রে যে সম্পত্তি লাভ করেছেন, সেটি হলফনামায় উল্লেখ থাকলেও সংবাদে তা উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে এক কোটি ৩০ লাখ টাকার শেয়ার আছে বলে সংবাদে যা বলা হয়েছে, তা মূলত কোম্পানি গঠনের সময় প্রদর্শিত শেয়ার। মন্ত্রী হওয়ার পর তাঁর যাবতীয় ব্যবসা-বাণিজ্য স্ত্রীর নামে স্থানান্তর করা হয়েছে। কিন্তু পাঠককে ভুল বার্তা দেওয়ার জন্য লিমিটেড কোম্পানির অংশীদারিকে টাকার অঙ্কে শেয়ার হিসেবে দেখানো হয়েছে অনভিপ্রেত। গত পাঁচ বছরে মন্ত্রীর সম্পদের চেয়ে বরং দেনার পরিমাণ বেড়েছে অনেক গুণ।
আইন প্রতিমন্ত্রীর প্রতিবাদ: অন্যদিকে একই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তাঁর আইনজীবী মো. বশির উল্লাহর পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়, তাঁর মোয়াক্কেলের ছবি দিয়ে ‘৬১ লাখ টাকা দামের গাড়িতে চড়েন’ শীর্ষক যে সংবাদ পরিবেশন করা হয়েছে, তা অতিরঞ্জিত। গাড়িটি কীভাবে কেনা হয়েছে, তার বিবরণ দেওয়া হয়নি। গাড়িটি অর্জিত বেতন-ভাতা, ব্যাংকঋণ ও প্রবাসে বসবাসরত নিটকাত্মীয়ের দেওয়া অর্থ দিয়ে কেনা। তাঁর কোনো বাণিজ্যিক ভবন নেই, তবে পুরান ঢাকায় পৈতৃক বাড়ি আছে।