প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৫ মে প্রথম আলোর ৪-এর পাতায় প্রকাশিত ‘হরিজনদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আইনজীবী এ কে এম আনোয়ারুল ইসলাম। প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘পঞ্চগড়ের সিনিয়র সহকারী জজ আদালতের ২/১৩ ডিক্রিজারি মামলায় আদালত ডিক্রিদার পক্ষকে ২০ দশমিক ৩৪ একর জমি দখল দেওয়ার জন্য দখলি পরোয়ানা ইস্যু করেন। আদালত তাঁকে অ্যাডভোকেট কমিশনার নিযুক্ত করেন। আদালতের নির্দেশ মোতাবেক তিনি কয়েকজন সহকর্মীসহ ডিক্রিজারি কার্যক্রমকে সহযোগিতা প্রদানের জন্য গত ৪ মে নালিশি জমিতে গিয়ে ডিক্রির আলোকে একটি দাগ শনাক্ত করেন। যা নাজির ও প্রসেস সার্ভার আইনানুগ পদ্ধতিতে দখল প্রদানে উদ্যোগী হলে মামলায় পরাজিত পক্ষ আদালতের উদ্দেশ্যে অশালীন উক্তি করে আদালতের কর্মচারীদের সরকারি কাজে বাধা প্রদান এবং ধাক্কাধাক্কি করে। এ সময় আদালতের আদেশ স্মরণ করে বলা হয়, সরকারি কাজে বাধা প্রদানে বিরত থাকতে। ডিক্রিজারি কাজকে বাধাগ্রস্ত করার জন্য বিবাদীপক্ষের একজন নারী বিবাদীর জমি দখলের উদ্দেশ্যে নবনির্মিত একটি ঘরে আগুন লাগিয়ে দেয়। অন্য এক লোক চিৎকার করে হুকুম দিয়ে বলে, কোর্টের একজন লোককেও প্রাণ নিয়ে ফিরে যেতে দেব না। তাঁর চিৎকারে বিবাদীপক্ষের প্রায় ৫০-৬০ জন ভাড়াটে অস্ত্রধারী আদালতের কর্মচারীদের বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। পুলিশ তাদের আটক করার পর মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার ঘটনাও সত্য নয়।